অসমাপ্ত কাজ, মানুষের ভোগান্তি

ঠিকাদারের গাফিলতিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল-বালিপাড়া সেতু নির্মাণের কাজ পাঁচ বছরেও শেষ হয়নি৷ সড়কপথে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার ছয়টি উপজেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করার জন্য সেতুটি নির্মাণ করা হচ্ছে৷ তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় দুই জেলার লক্ষাধিক মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে৷ তাদের অতিরিক্ত ৪৭ কিলোমিটার ঘুরে ময়মনসিংহ শহর দিয়ে ঢাকায় যেতে হচ্ছে৷ তবে গাফিলতি করার অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান৷
সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহ কার্যালয় সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার চরভেলামারী গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে৷ এর দৈর্ঘ্য ৪৭৭ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। নির্মাণব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৭৩ লাখ টাকা। ২০০৯ সালে নির্মাণকাজ শুরু করে আরপি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরুর ৩০ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।
এলাকাবাসী জানায়, সেতুটির পূর্ব পাড়ে ময়মনসিংহের নান্দাইল, কিশোরগঞ্জের হোসেনপুর, তাড়াইল, পাকুন্দিয়ার কিছু অংশ এবং পশ্চিম পাড়ে ত্রিশালের বালিপাড়া৷
সেতুটি নির্মিত হলে উল্লিখিত পাঁচ উপজেলার পাশাপাশি ময়মনসিংহের গফরগাঁওয়ের মানুষও উপকৃত হবে৷ সেতু না থাকায় তাদের এখন খেয়ানৌকায় নদ পারাপার হতে হচ্ছে৷ এ ছাড়া তারা ৪৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ময়মনসিংহ শহরে গিয়ে সেখান থেকে ঢাকায় যাচ্ছে৷
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের ঢিলেমির কারণে সেতুটির নির্মাণকাজ যথাসময়ে শেষ হয়নি৷ সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝামাঝি ৪৪ মিটারে এখনো স্ল্যাব (কংক্রিটের পাটাতন) বসানো হয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠান আরপি কনস্ট্রাকশনের প্রকৌশলী হাফিজ মোহাম্মদ দাবি করেন, তাঁরা সেতুটির ৭০ শতাংশ কাজ শেষ করেছেন। তিনি বলেন, ‘২০০৯ সালের দর অনুযায়ী নির্মাণকাজ এগিয়ে নিতে গিয়ে আমরা লোকসানের সম্মুখীন হচ্ছি।’ যথাসময়ে কাজ েশষ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, জমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতা ও সরকারি তহবিল-সংকটের কারণে নির্মাণকাজ শেষ করতে দেরি হচ্ছে৷
সেতুর কাজ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা সওজের ত্রিশাল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মোফাখখারুল ইসলাম বলেন, ‘১৫ জুনের মধ্যে সেতুর বাকি অংশের ঢালাইকাজ যেকোনো মূল্যে শেষ করা হবে। বাকি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে পারব বলে আশা করছি।’ তিনি আরও বলেন, তহবিল-সংকটের কারণে সেতুর কাজ শেষ করতে বিলম্ব হওয়ার বিষয়টি ঠিক নয়৷