রাজধানীর বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য নেওয়া ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এ প্রকল্পের অসমাপ্ত কাজ সমাপ্ত করার মতো কারিগরি জনবল ও বরাদ্দ ভূমি মন্ত্রণালয়ের নেই। তাই গণপূর্ত মন্ত্রণালয়কে এ প্রকল্পের বাকি কাজ শেষ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি অর্থমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে নীতিগত এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর রাজধানীর বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য নেওয়া ‘ভাষানটেক পুনর্বাসন প্রকল্প’ বাস্তবায়নকারী বেসরকারি প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের (এনএসপিডিএল) সঙ্গে চুক্তি বাতিল করে সরকার।মন্ত্রণালয় সূত্র জানায়, ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের সমাপ্ত ১০টি ভবন এবং প্রায় সমাপ্ত আটটি ভবনের সব কাজ ও উপকারভোগীদের বরাদ্দসংক্রান্ত বিষয়গুলো ভূমি মন্ত্রণালয় দেখবে। প্রকল্পের অব্যবহূত জমিতে অবকাঠামোগত স্থাপনাসংক্রান্ত নির্মাণকাজ এবং এ প্রকল্পের জনবলসহ সব দায়দায়িত্ব তারা বহন করবে। ছিন্নমূল বস্তিবাসী ও নিম্নআয়ের উপকারভোগীদের তালিকা ভূমি মন্ত্রণালয় প্রণয়ন করবে এবং এ তালিকা অনুযায়ী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ফ্ল্যাট বরাদ্দ করবে। বাজারমূল্য বিবেচনায় নিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ফ্ল্যাটের ডিজাইন ও মূল্য নতুন করে নির্ধারণ করবে। এ ক্ষেত্রে প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় রাজস্ব বাজেট থেকে গৃহায়ণ কর্তৃপক্ষের অনুকূলে প্রয়োজনীয় ভর্তুকি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। প্রকল্পের কাজ শেষ করার জন্য প্রকল্পের মেয়াদ ছয় মাস বাড়ানো হবে। প্রকল্পের চারদিকে সীমানা পিলার ও কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে। গ্যাস ও বিদ্যুৎ বিলসহ অন্যান্য বিল সুবিধাভোগীদের কাছ থেকে নির্ধারিত হারে আদায় করে চেকের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে। সালিসি বোর্ডের চেয়ারম্যানকে এক লাখ টাকা সম্মানী দিতে হবে।জানা গেছে, বর্তমানে ৯৩৮টি ফ্ল্যাটে সুবিধাভোগী বাস করছে। এর মধ্যে এনএসপিডিএলের বরাদ্দ ৭৭৫টি, সাময়িক বরাদ্দ ১৫৪টি। এ ছাড়া প্রায় সমাপ্ত ভবনের নয়টি ফ্ল্যাটে সুবিধাভোগী বসবাস করেছেন। জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এনএসপিডিএল সঠিক সময়ে নির্মাণকাজ করেনি। মোট নির্মাণকাজের মাত্র ১৫ থেকে ২০ শতাংশ করেছে। এ প্রকল্পে চরম অনিয়মের কারণে এনএসপিডিএলের সঙ্গে করা চুক্তি বাতিল করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, যারা এ প্রকল্পে বসবাস করছে, তারা আদৌ বস্তিবাসী কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।