অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ চান মনজুর

অসমাপ্ত কাজ শেষ করার জন্য আরেকবার সুযোগ চেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলম। গতকাল বুধবার নগরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এ আহ্বান জানান।
সকাল সাড়ে ১০টায় সিটি করপোরেশনের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে প্রচারণা শুরু করেন মনজুর আলম। প্রচারণা শুরুর আগে তিনি স্থানীয় মঈনুদ্দিন শাহ মাজার জিয়ারত করেন। ওয়ার্ডের কৈবল্যধাম, ঈশান মহাজন সড়ক, নিউ মনসুরাবাদ এলাকায় গণসংযোগকালে মনজুর আলম এলাকাবাসীর কাছে প্রচারপত্র ও উন্নয়নের চিত্রসংবলিত প্রচারপত্র বিলি করেন। তিনি এই ওয়ার্ডের বাসিন্দা।
বিকেলে ৫ নম্বর মোহরা ওয়ার্ডের কাপ্তাই রাস্তার মাথায় গণসংযোগ করেন মনজুর আলম। এরপর তিনি কামালবাজার, মৌলভীবাজার, দীঘির পাড়, মধ্যম মোহরা ও উত্তর মোহরা এলাকায় ট্রাকে চড়ে তাঁর ‘কমলালেবু’ প্রতীকে ভোট চান। মধ্যম মোহরায় পথসভায় সদ্য বিদায়ী এই মেয়র বলেন, ‘মোহরা অবহেলিত ও অনুন্নত এলাকা ছিল। এই ওয়ার্ডকে উন্নত করার জন্য স্থানীয় কাউন্সিলরকে নিয়ে বিভিন্ন কাজ করেছি। এখনো প্রায় ৩০ শতাংশ কাজ বাকি রয়েছে। এই বাকি কাজ সম্পন্ন করার জন্য আপনাদের কাছে আরেকবার সুযোগ চাই।’ তিনি আবারও ভোটকেন্দ্র পাহারার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ সময় মনজুর আলমের সঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সভাপতি আবু সুফিয়ান, মোহরা ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
২৫ নম্বর রামপুরা ওয়ার্ডে মনজুর আলমের পক্ষে প্রচারণা চালিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বেলা সাড়ে ১১টায় রামপুরা ওয়ার্ডের রূপসা বেকারি মোড় থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এ সময় মনজুর আলমও সেখানে উপস্থিত ছিলেন। পরে তাঁরা রামপুরা ও উত্তর হালিশহর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, পাড়া, মহল্লা ও অলিগলিতে গণসংযোগ করেন।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গণসংযোগ করেন ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড ও ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। তিনি মনজুর আলমের পক্ষে ভোট প্রার্থনা করেন।