অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের শুলকবহর এলাকায় গতকাল গণসংযোগ করেন মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম l ছবি: প্রথম আলো
নগরের শুলকবহর এলাকায় গতকাল গণসংযোগ করেন মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম l ছবি: প্রথম আলো

কাতালগঞ্জ মোড় থেকে গতকাল রোববার সকালে নির্বাচনী প্রচারণা শুরু করার কথা ছিল বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের। কিন্তু ভোরে বৃষ্টিতে কাতালগঞ্জ ১ নম্বর সড়কের গলির মুখে পানি জমে যায়। ‘আকস্মিক’ এই জলাবদ্ধতার কারণে স্থান পরিবর্তন করে পাঁচলাইশ থানার মোড় থেকে প্রচারণা শুরু করতে হয়েছে তাঁকে।
কখনো পায়ে হেঁটে, কখনো খোলা ট্রাক ও অটোরিকশায় চড়ে গতকাল নগরের শুলকবহর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর। এ সময় পাঁচটি পথসভায় সংক্ষিপ্ত বক্তৃতায় অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করার জন্য ভোট চান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
পথসভায় দেওয়া বক্তৃতায় মনজুর আলম বলেন, ‘এলাকার উন্নয়নে অনেক কাজ বাকি রয়েছে। এসব কাজ শেষ করার জন্য আপনাদের দোয়া ও ভোট চাই।’ বহদ্দারহাট মোড়ের পাশে পাইলট কলোনি এলাকায় চাক্তাই খালে একটি খননযন্ত্রের পাশে খোলা ট্রাকে দাঁড়িয়ে মনজুর বলেন, ‘আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেটি চাক্তাই খাল। যেটি দিয়ে কাজ চলছে সেটি অ্যাম্ফিবিয়াস এক্সকাভেটর (জলে-স্থলে কাজ করার খননযন্ত্র)। যন্ত্র দুটি ছয় কোটি টাকায় কেনা হয়েছে। বন্দর একটি ২০ কোটি টাকায় কিনলেও কাজ করতে পারেনি। মির্জা খাল সংস্কার করেছি বলে পানি হয় না।’
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘নির্বাচনে বন্দুক-রিভলবারের ভয় না থাকলে ভোটাররা কেন্দ্রে যাবে। ভোটের দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্যই সেনাবাহিনী দরকার।
পথসভা শেষ করে কয়েক শ কর্মী নিয়ে খোলা ট্রাকে চড়ে মনজুর আলম বহদ্দারহাট থেকে মুরাদপুরে যাওয়ার সময় রাস্তার একাংশে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। বহদ্দারহাট ও মুরাদপুরের মাঝামাঝি জায়গায় রাস্তার ওপর দাঁড়িয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারও দেন তিনি।
মুরাদপুর মোড়ে এসে গাড়ি থেকে নেমে দোকানদার ও ক্রেতাদের মধ্যে নিজের লিফলেট বিলি করেন মনজুর আলম। এ সময় কর্মীদের ভিড়ে ভোটারদের কাছে পৌঁছাতে বেগ পেতে হয় তাঁর। পরে সুগন্ধা এলাকা হয়ে ফরেস্ট কলোনিতে এসে প্রচারণা শেষ করেন তিনি।
প্রচারণা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মনজুর আলম। তিনি বলেন, ‘মেয়র থাকার সময় সিটি করপোরেশনকে দলীয় প্রভাবমুক্ত রেখেছি। ৯০০ কোটি টাকার উন্নয়নকাজ উন্মুক্ত দরপত্র বা লটারির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে শেষ করেছি।’