অসমাপ্ত জীবনের উদ্যাপন

শেষ কবে দেখা হয়েছিল আমার শিক্ষক রাশিদুল হাসানের সঙ্গে? শেষ কবে মুনীর চৌধুরীর ক্লাসে লুকিয়ে ঢুকে বসে পড়েছি এবং মুগ্ধ হয়ে শুনেছি তাঁর বক্তৃতা? অথবা আপনভোলা গিয়াসুদ্দিন আহমেদ কিংবা ঘড়ির কাঁটা ধরে ক্লাসে উপস্থিত হওয়া সন্তোষ ভট্টাচার্যকে দেখে শেষ সালাম কবে জানিয়েছি? এখন আর তা মনে নেই। কিন্তু তাঁদের ভুলে থাকা যায় না। শুধু যে ১৪ ডিসেম্বর এলে তাঁরা ভেসে ওঠেন স্মৃতির আয়নায়, তা নয়। মাঝেমধ্যেই ভাবি এই চার কৃতী শিক্ষকের কথা। রাশিদুল হাসান ছিলেন ইংরেজি বিভাগে আমার শিক্ষক। গিয়াসুদ্দিন আহমেদ ও সন্তোষ ভট্টাচার্যের কাছে ইতিহাস পড়েছি সাবসিডিয়ারি ক্লাসে। আর মুনীর চৌধুরী বাংলার শিক্ষক হলেও আমার মতো অনেককে টানতেন তাঁর ক্লাসে। তিনি মাঝেমধ্যে অবাক হয়ে বলতেন, ‘এত ছেলেমেয়ে বাংলা পড়ছে, বাহ্!’ খানিকটা রসিকতা করেই বলতেন। কারণ তিনি জানতেন, তাঁর কথা শুনতে হাজির এমনকি পদার্থবিদ্যারও কোনো ছাত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ছিল এ চারজনের—এবং তাঁদের নয় মাস আগে পাকিস্তানি নরপশুদের হাতে প্রাণ হারানো আমার আরেক শিক্ষক জ্যোতির্ময় গুহঠাকুরতা ও ঋষির মতো একজন মানুষ জি সি দেবের—কর্মক্ষেত্র। কলাভবনটা এখনো আছে; তাঁরা যেসব শ্রেণীকক্ষে পড়াতেন, সেগুলোও আছে। ঠিক আগের মতো আছে কলাভবনের করিডর ও সিঁড়িগুলো। কখনো কখনো কোনো কক্ষের পাশ দিয়ে যেতে যেতে শুনি রাশিদুল হাসান স্যার কিটসের কবিতা পড়াচ্ছেন; অথবা সন্তোষ ভট্টাচার্য হাতের ঘড়ির দিকে চোখ রেখে ঢুকছেন বেলা দুইটার ক্লাসে, অথবা গিয়াসুদ্দিন স্যার যে কক্ষে ক্লাস নেবেন, ঠিক তার সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছেন, ‘এত নাম্বার কক্ষটা জানি কোনটা?’
এই মানুষগুলো কান্তিমান ছিলেন, মেধাবী ছিলেন, পরিচ্ছন্ন ছিলেন। তাঁরা সবাই ছিলেন নিষ্ঠাবান, জ্ঞানতাপস। তাঁদের মধ্যে একটা অভিন্ন ভালোবাসা ছিল সংস্কৃতির প্রতি। বাঙালি সংস্কৃতির যা কিছু ভালো, তা প্রতিভাত ছিল তাঁদের জীবনাচরণে। নাটকে ও সংস্কৃতিচর্চায় মুনীর চৌধুরীর অবদান ছিল কিংবদন্তির মতো। রাশিদুল হাসান ভালোবাসতেন গান। তাঁর মেয়ে রবীন্দ্রসংগীতের কৃতী গায়িকা হয়ে বাবার ভালোবাসাকে ভাষা ও সুর দিয়েছে।
গিয়াসুদ্দিন আহমেদের সংগ্রহে ছিল কলের গান ও লংপ্লেয়িং রেকর্ডের এক বড় সংগ্রহ। আর সন্তোষ ভট্টাচার্য গুণগ্রাহী ছিলেন কমলা দেবী ও আঙুরবালার। ক্লাসে একদিন আমাদের বলেছিলেন, একটি জাতির সাংস্কৃতিক ইতিহাসই তার মূল ইতিহাস। এ কথাটা গিয়াসুদ্দিন স্যারও বিশ্বাস করতেন। ক্ষমতার ইতিহাসে যুদ্ধ ও সংঘাত থাকে, সংস্কৃতির ইতিহাসে থাকে চিত্তমুক্তি ও আলোর পক্ষে সংগ্রামের গল্প, তিনি বলতেন।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই চারজন মানুষকে আরও অনেক জ্যোতির্ময় মানুষের সঙ্গে হত্যা করে পাকিস্তানিদের দোসরেরা। এই ঘাতকদের অনেককেই শনাক্ত করা গেছে, কিন্তু তারা নির্বিঘ্নেই আছে দেশের অপরাজনীতির ঠাকুরদের কল্যাণে।
আমি অবশ্য এসব ঘাতককে নিয়ে ভাবি না। তাদের বিচার মহাকাল করবে। কিন্তু যেসব মানুষকে তারা অকালে ছিনিয়ে নিল, তাঁরা তো আরও অনেক দিন আমাদের পথ দেখাতে পারতেন।
তার পরও, এসব কান্তিমান মানুষের অসমাপ্ত জীবনকে আমরা উদ্যাপন করব। তাঁরা আলো হাতে আমাদের পথ দেখাচ্ছেন—জীবনে যেমন, মৃত্যুতেও তেমনি।
আমি নিতান্তই ভাগ্যবান। এসব মানুষের কয়েকজনকে কাছে থেকে দেখতে পেরেছিলাম। তাঁদের থেকে জীবনে কিছু দীক্ষা নিতে পেরেছিলাম।
নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে দক্ষিণ আফ্রিকা কেঁদেছে, কিন্তু তাঁর জীবনকে নেচে-গেয়ে উদ্যাপন করেছে। আমার চার শিক্ষকসহ
১৪ ডিসেম্বরের সব শহীদের জীবনও আমরা উদ্যাপন করব। তাহলেই তাঁদের মৃত্যুর মহিমাটা আমরা প্রতিদিন অনুভব করব, উদাহরণ হয়ে থাকা তাঁদের জীবনের সঙ্গে।