অসমাপ্ত ভবনের জন্য রোগীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর হাসপাতালে এসে রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। উপরন্তু অনেক সময় তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ হাসপাতালের ১০০ শয্যার অবকাঠামোর দেড় বছরের নির্মাণকাজ দীর্ঘ চার বছরেও শেষ না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) নেত্রকোনা সহকারী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের অক্টোবর মাসে হাসপাতাল ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তিন তলা একটি ভবন নির্মাণসহ অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য তখন পাঁচ কোটি ২২ লাখ টাকা ব্যয় ধরা হয়। এ কাজ পায় মেসার্স লতিফ বিল্ডার্স নামে ঢাকার এক ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০০৬ সালের জুন মাসে প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়। ভবন নির্মাণের সময়সীমা ছিল ১৮ মাস। ভবনের প্রায় ৭০ শতাংশ কাজ করার পর ওই ঠিকাদার কাজ বন্ধ করে দেন। এ অবস্থায় ১৫ জুন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে ওই প্রতিষ্ঠানের কাজের চুক্তিপত্র বাতিল করা হয়।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের পুরোনো ভবনসংলগ্ন নির্মাণাধীন তিন তলা ভবনটি পড়ে আছে। নতুন ভবনের দেয়ালে শ্যাওলা জমেছে এবং জানালায় লাগানো লোহার গ্রিলে মরচে ধরছে।সদর হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, প্রতিদিন এ হাসপাতালের বহির্বিভাগে ১৫০ জন রোগী আসে। জায়গার সংকটের কারণে একটি কক্ষে তিনজন চিকিৎসককে বসে চিকিৎসা দিতে হয়। ফলে রোগীদের যথাযথ স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হয় না। একই কারণে এ হাসপাতালের আন্তবিভাগের রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। প্রতিটি ওয়ার্ডে শয্যা সংখ্যার চেয়ে বেশি রোগী থাকে। এখানে প্রতিদিন ১০০ জন রোগী ভর্তি থাকে। গাইনি বিভাগের অবস্থা খুব খারাপ। এখানে দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। এ বিভাগ যে ভবনে অবস্থিত, সে ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। তাই এখানে চিকিৎসার কার্যক্রম চালাতে চিকিৎসকদের সমস্যা হচ্ছে।আবাসিক চিকিৎসা কর্মকর্তা নীলোৎপল তালুকদার বলেন, স্থানাভাবে একটি অত্যাধুনিক জেনারেটর, জীবাণুনাশক বৈদ্যুতিক যন্ত্রসহ বেশ কিছু চিকিৎসার সরঞ্জাম অব্যবহূত অবস্থায় পড়ে আছে। সিভিল সার্জন সিদ্ধেশ্বর সাহা বলেন, ভবনের কাজ দ্রুত শেষ করার জন্য এইচইডি কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।নেত্রকোনা এইচইডির সহকারী প্রকৌশলী আলমগীর করীর বলেন, নতুন করে ভবনটির অসমাপ্ত কাজের তালিকা ও পরিমাপ তৈরি করে দরপত্র আহ্বানের জন্য প্রধান প্রকৌশলীর কার্যালয়ে আবেদন করা হয়েছে।