অসম্পন্ন কাজ করার সুযোগ চান মনজুর
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলম গতকাল রোববার চট্টগ্রামের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগ করেন। তিনি বলেছেন, দায়িত্ব পালনের সময় অনুন্নত এই ওয়ার্ডকে তিনি প্রাধান্য দিয়ে স্থানীয় কাউন্সিলরকে নিয়ে অনেক কাজ করেছেন। এখন বাকি ৩০ শতাংশ কাজ সম্পন্ন করার জন্য আবার সুযোগ চান।
বেলা সাড়ে তিনটায় ভাটিয়ারী সংযোগ সড়কের ৩ নম্বর বাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করেন মনজুর আলম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম ও ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান। তাঁরা একটি মিনি ট্রাকে চড়ে প্রচারণা চালান।
মনজুর আলমের পক্ষে একটি প্রচারপত্র বিলি করা হয়েছে। ওই প্রচারপত্রে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের উন্নয়নে মেয়র থাকার সময় তাঁর গৃহীত কার্যক্রম এবং গত নির্বাচনের আগে তাঁর দেওয়া ৫৬টি প্রতিশ্রুতি বাস্তবায়নে কী কী উদ্যোগ নিয়েছেন, তার উল্লেখ রয়েছে।
ভাটিয়ারী সংযোগ সড়কের ৩ নম্বর বাজার এলাকায় সংক্ষিপ্ত পথসভা করা হয়। সেখানে আবদুল্লাহ আল নোমান বলেন, জনগণ গত জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি। এবার প্রতিবাদের ভাষা হিসেবে নগরবাসী ভোট দেবেন।
৩ নম্বর বাজার এলাকায় প্রচারণা শেষে ট্রাকে করে খিল্লাপাড়ায় যান মনজুর আলম। সেখানে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘২৮ এপ্রিল আপনারা ভোট দিতে কেন্দ্রে যাবেন। ভোটের বাক্স পাহারা দেবেন।’
খিল্লাপাড়ায় গণসংযোগ শেষে উত্তর ফতেয়াবাদের মাহমুদাবাদপাড়া, নন্দীরহাট, চৌধুরীহাট ও সন্দ্বীপ কলোনি এলাকায় প্রচারণা চালান সদ্য বিদায়ী মেয়র। মাহমুদাবাদপাড়ায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আ জ ম নাছিরের পক্ষে গণসংযোগ করছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির একটি দল। এ সময় উভয় পক্ষ নিজ নিজ প্রার্থীর প্রচারপত্র প্রতিপক্ষের হাতে তুলে দেয়।