অসম্পূর্ণ ও ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে অভিন্ন প্রশ্নপত্রে গতকাল শনিবার থেকে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়। এদিন অনুষ্ঠিত চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাংলা পরীক্ষার প্রশ্নপত্র অসম্পূর্ণ ও ভুলে ভরা ছিল বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেছেন। জানা গেছে, পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্নপত্রের পূর্ণমান ছিল ১০০। কিন্তু প্রশ্ন ছিল ৭০ নম্বরের। প্রশ্নপত্রে বাকি ৩০ নম্বরের কোনো প্রশ্নই ছিল না। অনুরূপভাবে চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ১০০ নম্বরের হলেও প্রশ্ন ছিল ৯৫ নম্বরের। পাশাপাশি চতুর্থ শ্রেণীর প্রশ্নপত্রে অনেক শব্দের বানান ভুল ছিল।চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রে ৩ নম্বর প্রশ্নের (গ) অংশে ছিল ‘আমিও নাই পিসিও নাই, কেমন মজা হবে’। প্রকৃতপক্ষে ‘পিসিও’র স্থলে হবে ‘দিদিও’। ৪ নম্বর প্রশ্নে শব্দার্থ লিখ অংশে ছিল—‘ধায়তুলমাল’ ও ‘উদরতা’। সঠিক শব্দ হবে ‘বায়তুলমাল’ ও ‘উদারতা’। ৯ নম্বর প্রশ্নে ছিল ডান দিকের শব্দ বেছে নিয়ে বাঁ-দিকের শব্দ মেলাই। সেখানে ‘স্বচ্ছ’ ও ‘ভাটিয়ালি’ শব্দের উত্তরের অংশে বাঁ-দিকে লেখাই ছিল না। গতকাল বেলা পৌনে দুইটায় উপজেলার ঝাড়খন্ড মৌয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রে ৭০ নম্বরের প্রশ্ন আছে। বাকি ৩০ নম্বরের প্রশ্ন নেই। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডলি রাণী কর বলেন, ‘এটা প্রশ্নপত্র প্রণয়ন কমিটির ভুল। প্রশ্ন আছে ৭০ নম্বরের। যেভাবে আছে সেভাবেই আমাকে পরীক্ষা নিতে হবে।’ বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিটি কক্ষে গিয়ে শিক্ষকরা ব্লাক বোর্ডে পঞ্চম শ্রেণীর অসম্পূর্ণ প্রশ্নপত্র সংশোধন করে নতুন প্রশ্ন লিখে দিচ্ছেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম শাহ বলেন ‘পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষায় প্রশ্ন ছিল ৭০ নম্বরের। আমরা ৩০ নম্বরের প্রশ্ন তাৎক্ষণিকভাবে ব্লাক বোর্ডে লিখে দিয়েছি। চতুর্থ শ্রেণীর প্রশ্নপত্রের ভুল খেয়াল করিনি।’অভিভাবক শরিফুল ইসলাম বলেন, ‘আমার ছেলে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বাড়িতে এসে কান্নাকাটি করছে। এটা তদন্ত করা দরকার।’বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বদরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান অভিযোগ করেন, প্রশ্নপত্র ভুলের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা দায়ী। তিনি কারও তোয়াক্কা না করে একাই প্রশ্নপত্র তৈরি করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম আসাদুজ্জামান বলেন, ‘এটা প্রিন্টিং মিসটেক। ভুলের জন্য আমি দায়ী না।’