অসম্পূর্ণ সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ আয়োজন ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর (অনার্স) ডিগ্রি রেগুলেশন অ্যাক্ট-২০১০, অসম্পূর্ণ সৃজনশীল পদ্ধতি বাতিলসহ আট দফা দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকরিপি পেশ করা হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এটি পেশ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ২০০৯-১০ শিক্ষাবর্ষে অসম্পূর্ণ সৃজনশীল (গ্রেডিং) পদ্ধতি চালুর পর থেকেই ফল বিপর্যয় ঘটেই চলছে। ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ৪৮ এবং দ্বিতীয় বর্ষে ৪৮ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এসব শিক্ষার্থীর শিক্ষাজীবন প্রায় অনিশ্চিত। এ কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থী ঝরে পড়বেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ পদ্ধতি চালুর শুরুতেই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, যথাযথ আয়োজন ছাড়া অসম্পূর্ণ সৃজনশীল পদ্ধতি চালু করা হলে ফল বিপর্যয় ঘটবে। এর দায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক গৌতম কুমার জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় এক হাজার ৮০০ কলেজের ১২ লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন নিশ্চিতকরণে শিক্ষামন্ত্রীকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট উত্থাপিত আট দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।