অসম্ভবকে জয় করে এগিয়ে চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে ছিল অসম্ভবকে জয় করার দৃঢ় প্রত্যয়। কেউ স্বপ্ন দেখেছে চিকিৎসক হওয়ার, কেউ বা দেশের সেবা করার। তাই তো দারিদ্র্য ও অভাবের সঙ্গে লড়াই করে সামনের দিকে এগিয়ে গেছে ওরা। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্যের প্রথম সোপানে পা রেখেছে। আর্থিক সহায়তা পেলে সাফল্যের শিখরে পৌঁছানোর ইচ্ছা ওদের।হার না মানা রোজিনা: মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে রোজিনা খাতুন। দরিদ্র পরিবারের সন্তান রোজিনাকে এ সাফল্য পেতে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। কুড়েঘরে থাকে সে। ওপরের ছাউনি ভেঙে যাওয়ায় বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। তার বাবা মহসিন আলী দিনজমুর। আর মা গৃহিণী। সে এখন অসুস্থ। তাই গৃহস্থালির কাজ করার পাশাপাশি লেখাপড়া চালিয়ে গেছে সে। অভাব থাকায় গৃহশিক্ষকতা ও সেলাইয়ের কাজ করে লেখাপড়ার খরচ জুগিয়েছে। এত কষ্টের বিনিময়ে ভালো ফল করার পরও মুখে হাসি নেই রোজিনার। বাবা মহসিন আলী বলেন, ‘মাঠে খেটে যা পাই, তাতে তিন বেলা ভাত হয় না; মেয়েকে পড়াব কীভাবে?’দেশের সেবা করতে চায় পূর্ণিমা: ‘পরনের কাপড় কিনে দিতে পারি নাই। অন্যের বই-খাতায় লেখাপড়া চলেছে। না খেয়েও পরীক্ষা দিতে গেছে। স্কুলের বেতন দেওয়া লাগেনি। স্যাররা প্রাইভেটের টাকা নেননি। পরীক্ষার ফরম পূরণের টাকা দিয়েছিলেন প্রবীর কুণ্ডু। এখন কলেজে কীভাবে ভর্তি করাব, তা জানি না।’ মেয়ে পূর্ণিমা বিশ্বাস বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়ার পর এ আশঙ্কাই প্রকাশ করেন সাধনা বিশ্বাস। দিনমজুর প্রিয়নাথ বিশ্বাসের স্ত্রী তিনি। দুই বেলা খাবার জোটে না তাঁদের। লোহাগড়া পৌর এলাকার ছাতড়া গ্রামে ছোট্ট একটি ঘরে থাকেন তাঁরা। এত অনিশ্চয়তার মধ্যেও লেখাপড়া করে দেশের সেবা করতে চায় পূর্ণিমা।চিকিৎসক হওয়ার স্বপ্ন: ফরিদপুরের সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে মো. শাহাদাত হোসেন। তাদের বাড়ি উপজেলার চরকুমারিয়া গ্রামে। খুব সহজেই এ সাফল্য পায়নি সে। এ সাফল্যের জন্য কত কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়েছে, শুনুন শাহাদাতের ভাষায়, ‘আমার বাবা মোতালেব মুন্সী একজন ভূমিহীন কৃষক। মা মোহসীনা বেগম গৃহিণী। অভাবের সংসারে অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে। আমাদের কোনো জমি নেই। বাবা অন্যের জমিতে বর্গা চাষ করেন। পড়াশোনার ফাঁকে ছুটির দিনে বাবার সঙ্গে আমিও জমিতে কাজ করেছি।’ শাহাদাতের স্বপ্ন, সে লেখাপড়া করে একজন চিকিৎসক হবে।গৃহশিক্ষকতা করে লেখাপড়া: বাবা সাইদুর রহমান দিনমজুরি করেন। মা গৃহিণী। যেদিন কাজ মেলে, সেদিন তিন বেলা খাবার জুটে। অন্যান্য দিন উপোস থাকতে হয়। সংসারে তীব্র অভাব। তাই ছেলে সোহেল রানাকে পড়ার খরচ দিতে পারতেন না সাইদুর। কিন্তু অভাবের কাছে হার মানেনি সোহেল। বিদ্যালয়ের শিক্ষকের সহায়তা এবং নিজের অধ্যবসায়ের জোরে সে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে যশোর সদর উপজেলার সতিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন তুহিন আরন্য, মেহেরপুর, মারুফ সামদানী, লোহাগড়া (নড়াইল), পান্না বালা, ফরিদপুর, মনিরুল ইসলাম, যশোর]