অসম্ভবের সওয়ারি

২০০৮ সালের অস্কার অনুষ্ঠানের মঞ্চে চশমাপরা রোগা-পাতলা এক বাংলাদেশি তরুণ হাতে অস্কার নিয়ে দাঁড়িয়ে আছেন। মুখে বিনয়ের হাসি। চোখ আগামীর সম্ভাবনায় উজ্জ্বল। দৃশ্যটা অবশ্য এ রকমই হওয়ার কথা ছিল। যদিও সিনেমায় কাজ শুরু করেছেন মাত্র কিছুদিন আগে। ২০০৫ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র স্টিল্দ্-এ প্রথম ক্রেডিট পাওয়ার মাত্র তিন বছরের মধ্যেই যে তিনি জিতে নিয়েছেন চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার ‘অস্কার’! নাফিস বিন যাফরের চোখ তো সম্ভাবনায় জ্বলজ্বল করবেই।
এখনো মনে আছে, পত্রিকার প্রথম পাতায় প্রথম বাংলাদেশি হিসেবে অস্কার হাতে নাফিস বিন যাফরের ছবি। তখন কাজ করছি কপিরাইটার হিসেবে, ক্যারট কমিউনিকেশনে। খুব ইচ্ছা, বাইরে একদিন চলচ্চিত্র নিয়ে পড়তে যাব। কাজ করব হলিউডের সিনেমায়। কিন্তু সে তো এক অসম্ভব স্বপ্ন। আর ঠিক তখনই প্রায় আমার সমবয়সী বাংলাদেশের একজন মানুষ জিতে নিলেন অস্কার, মাত্র ৩০ বছর বয়সে। কী অসাধারণ, কী অসাধারণ, কী অসাধারণ! এ-ও তাহলে সম্ভব? নাফিসের জ্বলজ্বল করা চোখ যেন আগুন লাগিয়ে দিল নিজের উৎসাহে। অবশ্যই সম্ভব!
নাফিস বিন যাফর অস্কার পেয়েছিলেন ডিজিটাল ফ্লুইড এফেক্টসের জন্য। সোজা বাংলায় কম্পিউটারে বসে সমুদ্র, নদী ইত্যাদি জলরাশি তৈরি করার জন্য। সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল এই অস্কারের সবচেয়ে অসাধারণ ব্যাপারটা কী জানেন? এই যে প্রযুক্তিটি নাফিস আবিষ্কার করলেন, সেটি কিন্তু একটা সিনেমায় আটকে রইল না। ছড়িয়ে পড়ল পুরো বিশ্বের সিনেমাজগতে। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড ছবিটা দিয়ে অস্কার পুরস্কারটা এসেছিল নাফিসের হাতে। কিন্তু এর সুবিধা ভোগ করল এরপরে আসা অসংখ্য চলচ্চিত্র, যেখানে কৃত্রিম বিশাল জলরাশি তৈরি করার দরকার পড়ল। নিজের সৃষ্টি দিয়ে তিনি শুধু একটি সিনেমার উপকার করলেন না, বরং পুরো পৃথিবীর সিনেমা ইন্ডাস্ট্রিতে অবদান রাখলেন। এখানেই নাফিসের অস্কার বিজয়ের বিশালতা।
কিন্তু নাফিস সেখানে থেমে থাকলেন না। তরল থেকে এগোলেন কঠিনের দিকে! ২০১৫ সালে আবার তিনি পেয়ে গেলেন অস্কার। এবার লার্জ স্কেল ডেস্ট্রাকশন সিমুলেশনের জন্য। আবারও সোজা বাংলায় বললে, হলিউড সিনেমায় যে বিশাল ধ্বংসযজ্ঞের ছবি আমরা দেখি, তা আরও সহজে, নিখুঁত ও বাস্তবসম্মতভাবে কম্পিউটারে বসে তৈরি করার জন্য। সাত বিলিয়ন মানুষের এই পৃথিবীতে অস্কার বিজয়ীর সংখ্যা হাতে গোনা। একাধিক অস্কার বিজয়ীর সংখ্যা তো আরও কম। নাফিস সেই বিরল মানুষের একজন! তিনি অস্কার বিজয়ী শুধু প্রথম বাংলাদেশিই নন, দ্বিতীয় বাংলাদেশিও বটে।
নাফিস যে ধরনের কাজ করেন তার চ্যালেঞ্জটা একটু বলি। ডান আর বাম মস্তিষ্কের পার্থক্য তো আমরা জানি? ডান মস্তিষ্ক যদি গান গেয়ে ওঠে, বাম মস্তিষ্ক করতে চায় অঙ্ক। ডান মস্তিষ্ক কল্পনার জগতে ডানা মেললে, বাম মস্তিষ্ক তাকে দাঁড় করিয়ে দেয় বাস্তবে। কিন্তু নাফিসের কাজটি এমনই কঠিন, যেখানে ডান আর বাম মস্তিষ্ক হাতে হাত রেখে চলে। শুধু প্রোগ্রামিংয়ের কোডিং লিখলেই চলে না, যে জলরাশি বা ধ্বংসযজ্ঞটা দেখানো হলো, সেটি বাস্তবসম্মত হয়েছে কি না তা-ও নিশ্চিত করতে হয়। না হলে তো আপনার-আমার মতো বিজ্ঞ চলচ্চিত্র-দর্শকেরা বলে বসবেন, ‘নাহ, এটা হয়নি, পুরোটাই ফাঁকি।’ এই ফাঁকির কথা যেন কেউ বলতে না পারে, সে জন্য নাফিস আর তাঁর দলের প্রত্যেককে অমানুষিক পরিশ্রম করতে হয়।

নাফিস বিন যাফরের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার একবারই দেখা হয়েছে। ২০১৪ সালে ভ্যাঙ্কুভারে সিগগ্রাফ সম্মেলন হবে। সেখানে তিনি বক্তা। বুয়েটে আমার কনিষ্ঠ সহপাঠী ছিল রুবাইয়াৎ। সে নিজেও একজন চমৎকার কম্পিউটার শিল্পী। কাজ করছে অটো ডেস্কে, অ্যানিমেশনের সফটওয়্যার উন্নয়নে। নাফিস বিন যাফরের সঙ্গে সে-ই পরিচয় করিয়ে দেয় আমাকে। স্টারবাকসে আমাদের দেখা করার কথা। আমার যতদূর মনে পড়ে, আমি একটু দেরিতেই পৌঁছেছিলাম। অফিস থেকে বের হতে হতে দেরি হয়ে গিয়েছিল। কপাল ভালো রুবাইয়াৎ সময়মতোই ছিল। গিয়ে দেখি দুজন কথা বলছেন।
সালাম দিয়ে নিজের পরিচয় দিলাম। হাত মেলানোর সময় দেখলাম থরথর করে কাঁপছে। কাঁপবে না কেন? আমার সামনে এমন একজন বসে আছেন, যিনি কিনা তাঁর কর্মক্ষেত্রে সর্বোচ্চ সম্মান অর্জন করে ফেলেছেন। এরপরও তাঁর সামনে আরও বহু দূরের পথে যাওয়ার যাত্রা থেমে যায়নি। কী ভয়ংকর সুন্দর একটা ব্যাপার! এমন একজনের সামনে এসে নার্ভাস হব না? অথচ তিনি কী সহজ কণ্ঠেই না কথা বললেন আমাদের সঙ্গে! কী চমৎকার তাঁর ব্যবহার। কী নিরহংকারী, কী বিনয়ী তাঁর আচরণ!
রুবাইয়াতের অ্যানিমেশন অ্যাপের প্রশংসা করলেন খুব। আমার সঙ্গেও ফিল্ম নিয়ে অনেক কথা হলো। আমি তখন ভিএফএক্সে কাজ শুরু করেছি। শুনে অনেক সাহস জোগালেন। অতিরিক্ত নার্ভাস হওয়ার জন্যই কি না জানি না, আমিও অবিরল কথা বলে গেলাম—নাফিস বিন যাফরের কানের পোকা নাড়িয়ে দেওয়ার মতো করে। অবশ্য আমার কী-ই বা দোষ? তিনি আছেন চলচ্চিত্রের সর্বোচ্চ আঙিনায়—আমার পছন্দের ও ভালোবাসার জায়গায়। আমার তো এ রকমই করার কথা!
কিছুদিন আগে নাফিস বিন যাফরকে একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্যপদ দেওয়া হয়েছে। বিশ্বনন্দিত এই সংগঠন থেকেই প্রতিবছর অস্কার দেওয়া হয়। যাঁরা সদস্যপত্র পান, তাঁরা সাধারণত অস্কার রেসে থাকা মুভিগুলোতে ভোট দেন। সেই ভোটের ওপর নির্ভর করেই বিজয়ী ঘোষণা করা হয় অস্কারে। এ এক বিরল সম্মানের ব্যাপার। আর আবারও প্রথম বাংলাদেশি হিসেবে নাফিস সম্মানটি বয়ে এনেছেন আমাদের জন্য।
নাফিস বিন যাফরের বয়স মাত্র ৩৯ বছর। ভবিষ্যতের আরও অসম্ভবের পথে তিনি ছুটছেন। আরও বহু দূর যে তিনি যাবেন, নিশ্চিত জানি। চশমার আড়ালে তাঁর উজ্জ্বল চোখের চাহনি আগামী দিনে আরও অনেক সম্মান আমাদের জন্য নিয়ে আসবে। কিন্তু সবচেয়ে বড় কাজটি মনে হয় নাফিস ইতিমধ্যে করে ফেলেছেন। আর তা হলো, আমার মতো সিনেমাপাগল হাজারো বাংলাদেশির মনে এই বিশ্বাস ঢুকিয়ে দেওয়া যে সিনেমায় আমাদের দিয়েও সর্বোচ্চ অর্জন করা সম্ভব। কী চমৎকার একটা অনুভূতি।
ধন্যবাদ, নাফিস বিন যাফর, এই বিশ্বাস আমাদের ভেতরে সঞ্চারিত করে দেওয়ার জন্য। আমাদের সামনে যে নক্ষত্রসম উজ্জ্বলতা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, এই অন্ধকার দুর্গম পথ পাড়ি দিয়ে সর্বোচ্চ শিখরে উঠতে আমাদের তা আহ্বান করে চলেছে।
ওয়াহিদ ইবনে রেজা: হলিউডের সনি পিকচার্স ইমেজওয়ার্কসে অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজার।