অসময়ে অস্ত্রোপচার ক্লিনিক সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ‘সাটুরিয়া ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম’ নামের একটি ক্লিনিকে নির্ধারিত সময়ের আগে অন্তঃসত্ত্বা এক নারীর অস্ত্রোপচার করায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।চিকিৎসক অর্থের লোভে এ কাজ করেছেন বলে মঙ্গলবার সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নবজাতকের বাবা মো. সোলায়মান। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তা মামলা হিসেবে নেয়নি পুলিশ।অবৈধভাবে পরিচালনার দায়ে ওই ক্লিনিকটি গতকাল বন্ধ করে দিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ভুক্তভোগী পরিবার জানায়, ২২ মার্চ সাটুরিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা সোলায়মানের অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্থানীয় একটি ক্লিনিক থেকে আলট্রাসনোগ্রাম করা হয়। প্রতিবেদনে বলা হয়, আগামী ২৭ মে তাঁর যমজ সন্তান প্রসব হতে পারে। গত ২৮ মার্চ সকাল ১০টার দিকে সোলায়মানের স্ত্রীকে উপজেলা সদরের ওই ক্লিনিকে নেওয়া হয়।সোলায়মান বলেন, কর্তব্যরত সেবিকা আলেয়া বেগম তাঁকে আলট্রাসনোগ্রামের প্রতিবেদন আনতে বলেন। তিনি স্ত্রী, মা ও শাশুড়িকে ক্লিনিকে রেখে প্রতিবেদন আনতে বাড়ি যান। দেড়-দুই ঘণ্টা পর ক্লিনিকে ফিরে জানতে পারেন, তাঁর স্ত্রীর অস্ত্রোপচার করা হয়েছে এবং তাঁর একটি ছেলে ও একটি মেয়ে হয়েছে। কিন্তু দুই সন্তানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ তাঁদের ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলে। ওই দিন থেকে দুই নবজাতককে হাসপাতালের ইনকিউবেটরে রেখে চিকিৎসা দেওয়া হয়। চার দিনে হাসপাতালের খরচ দেখানো হয় এক লাখ পাঁচ হাজার টাকা। আনুষঙ্গিক খরচ হয় আরও ২০ হাজার টাকা। অর্থাভাবে দুই সন্তানকে গত সোমবার রাত ১১টার দিকে বাড়ি নিয়ে আসেন সোলায়মান। ঘণ্টা খানেক পরই ছেলেটির মৃত্যু হয়।অসময়ে অস্ত্রোপচার করার কারণ জানতে চাইলে ক্লিনিকের সেবিকা আলেয়া বেগম বলেন, ‘অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন। এ জন্য অন্তঃসত্ত্বা হওয়ার ৩১ সপ্তাহের মধ্যে তাঁর অস্ত্রোপচার করা হয়।’অস্ত্রোপচারকারী চিকিৎসক ও ক্লিনিকের অন্যতম অংশীদার খায়রুল ইসলাম বলেন, ‘গর্ভাবস্থায় সাধারণত যমজ বাচ্চাদের মাথা একে অপরের বিপরীতমুখী থাকে। কিন্তু ওই অন্তঃসত্ত্বার ক্ষেত্রে তা ছিল উল্টো। এ কারণে প্রসূতির অবস্থা বিবেচনা করেই তাঁর মা ও শাশুড়ির লিখিত অনুমতি নিয়ে অস্ত্রোপচার করা হয়, অর্থের লোভে নয়।’সোলায়মানের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সওগাতুল আলম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ক্লিনিক বন্ধ: ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আকতার গতকাল দুপুর একটার দিকে ওই ক্লিনিকে যান। তিনি ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও বলেন, ‘২০০৯ সালের পর থেকে সাটুরিয়া ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোমের অনুমোদনপত্র (লাইসেন্স) নবায়ন করা হয়নি। স্বাস্থ্য বিভাগের শর্ত অনুযায়ী, একটি বেসরকারি ক্লিনিকে সার্বক্ষণিক দুজন সেবিকা থাকার কথা থাকলেও পরিদর্শনের সময় একজনকেও পাওয়া যায়নি। এ ছাড়া সেখানে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কোনো মূল্যতালিকাও প্রদর্শন করা হয়নি। এসব কারণে ওই ক্লিনিকের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।’