অসময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ, আনন্দে জেলে ও ব্যবসায়ীরা
ভাদ্র ও আশ্বিন ইলিশের ভরা মৌসুম। সাধারণত এ সময়েই জেলেরা ইলিশ ধরার কাজে এবং ব্যবসায়ীরা সেই মাছ কেনাবেচায় ব্যস্ত থাকেন। কিন্তু এ পৌষ মাসে দেশের বিভিন্ন নদীতে জেলেদের পেতে রাখা জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়ছে। এভাবে ইলিশ ধরা পড়ায় জেলেরা তাঁদের ঋণ শোধ করতে পারছেন, অন্যদিকে ব্যবসায়ীরা সেই ইলিশ বিক্রি করে লাখ লাখ টাকা লাভ করছেন। এত ইলিশ ধরা পড়ায় জেলে ও মাছ ব্যবসায়ীরা বিস্মিত হয়েছেন। তাঁদের অনেকেই বলছেন, তাঁরা কেউই এ মৌসুমে গত ৩০ বছরেও এত ইলিশ ধরা পড়তে দেখেননি। ২৯ ডিসেম্বর চাঁদপুর বড়স্টেশন মৎস্য আড়তে গিয়ে জানা যায়, ১৫-১৬ দিন ধরে গড়ে প্রতিদিন এখানে দেড় থেকে দুই হাজার মণ ইলিশ আমদানি হচ্ছে। নৌ ও সড়কপথে এসব ইলিশ লক্ষ্মীপুর, ভোলার দৌলতখান, চরফ্যাশন, নোয়াখালীর হাতিয়া, রামগতি এলাকা থেকে এখানে আনা হচ্ছে। স্থানীয়ভাবে এসব এলাকার ইলিশকে বলা হয় ‘নামার ইলিশ’। তাঁরা আরও জানান, ইলিশের মৌসুমে গড়ে প্রতিদিন এখানে তিন-চার হাজার মণ মাছ আনা হতো। চাঁদপুরের মৎস্য আড়তের অর্ধশত আড়তদার (পাইকারি বিক্রেতা) এ সময় অবসর সময় কাটাতেন । ইলিশের মৌসুমে যা আমদানি হতো তা বিক্রি করে তাঁরা সারা বছর চলতেন। কিন্তু এই পৌষ মাসে তাঁদের কেউই ঘরে বসে নেই। সারাদিন থাকতে হচ্ছে মৎস্য আড়তে। বড় বড় ট্রলারে ও ট্রাকে তাঁদের কাছ থেকে যেসব জেলে দাদন হিসেবে টাকা নিয়েছেন, তাঁরা ইলিশ নিয়ে আসছেন। এসব ইলিশ পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা সেগুলো দেশ ও বিদেশের বিভিন্ন মৎস্য বা ইলিশ হিমাগারের প্রতিনিধি ও ইলিশ রপ্তানিকারকদের কাছে বিক্রি করে দিচ্ছেন। একই সঙ্গে খুচরা ব্যবসায়ী ও সাধারণ মানুষও এখান থেকে পাইকারি দরে ইলিশ কিনছেন। বুধবার দুপুরে এসব আড়তে ঘুরে দেখা গেছে, আড়তদারেরা ৬০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১০ হাজার টাকা মণ দরে (আড়াই শ টাকা কেজি) বিক্রি করছেন। তবে তা খুচরা বাজারে ৩০০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থানীয় আড়তদার আ. মালেক খন্দকার জানান, তিনি ৩০ বছর ধরে এ আড়তে বসে ইলিশ কেনাবেচা করছেন। তিনি দাবি করেন, এ অসময়ে (অফসিজন) এত ইলিশ তিনি কখনো দেখেননি। তিনি জানান, যেসব ব্যবসায়ী ও জেলে ঋণগ্রস্ত ছিলেন, তাঁরা এ ইলিশ বিক্রি করে তাঁদের দেনা শোধ করছেন। একই আড়তের তরুণ ব্যবসায়ী মানিক জমাদার বলেন, ‘অসময়ে ইলিশ পাওয়ার এ রকম নজির এই প্রথম দেখছি। সরকার জাটকা রক্ষায় আরও কঠোর হলে হয়তো সফলতা আরও বাড়বে।’ দৌলতখানের ইলিশ বিক্রেতা সেলিম মিয়া বলেন, ‘আমরা যাঁরা আড়তদারদের কাছ থেকে লাখ লাখ টাকা দাদন নিয়েছিলাম, তাঁরা সবাই দেনা শোধ করতে পারছি।’জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত জানান, চাঁদপুর মৎস্য আড়তে ১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৭১০ টন ইলিশ এসেছে। এর মধ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনা থেকে ১২০, ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে ৪১০ ও সাগর থেকে ১৮০ টন ইলিশ এসেছে। তিনি আরও জানান, সরকার জাটকা নিধন কার্যক্রম পরিচালনা করায় এখন নদীতে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে।