অসময়ে নিভে গেল যে তারাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁচার মরিয়া চেষ্টায় আরও কয়েকজনের সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটি থেকে সম্ভবত বেরিয়ে আসতে পেরেছিলেন মনোয়ারা খাতুন তারা। কারণ বাসটি নদীতে পড়ে যাওয়ার একটু পর তাঁকে পানিতে ভাসতে দেখা যায়। অন্য কয়েকজন সাঁতার কেটে তীরে আসতে সক্ষম হলেও মনোয়ারা কুলিয়ে উঠতে পারেননি। নিজের ও পরিবারের সব স্বপ্ন ভেঙে দিয়ে নিভে গেছে তাঁর জীবনপ্রদীপ।গতকাল সকালে ঢাকা থেকে ক্যাম্পাসে আসার সময় আমিন বাজারে তুরাগ নদে পড়ে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মনোয়ারাদের বাসটি।ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন মনোয়ারার ভাসমান দেহ পানি থেকে তোলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মনোয়ারা এরই মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বলে মনে হলেও মিজানুর রহমান নামের এক বাসচালক শেষ চেষ্টা হিসেবে তাঁকে মাইক্রোবাসে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা মনোয়ারাকে মৃত ঘোষণা করেন। মিজানুর রহমান প্রথম আলোর প্রতিনিধিকে জানান, তিনি বাসটিকে নদে ছিটকে পড়তে দেখে রাস্তার ধারে অন্যদের সঙ্গে অপেক্ষা করছিলেন। মনোয়ারারা চার ভাইবোন। ভাইটি সবার ছোট। তিন বোনের মধ্যে মনোয়ারা সবার ছোট। অন্য বোনেরা ব্যস্ত। তাই মা-বাবা আর ছোট ভাই কাজী আরাফাত উল্লাহর সঙ্গে খুনসুটি করেই বেশির ভাগ সময় কাটত তাঁর। খুব শান্ত আর মিশুক বলেই বন্ধুমহলে পরিচিত ছিলেন।মনোয়ারার মৃত্যুর খবর শুনে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় হূদয়বিদারক দৃশ্য। হাসপাতালের একটি কক্ষে রাখা মনোয়ারার নিথর দেহটি। অশ্রুসজল সহপাঠীরা লাশ ঘিরে দাঁড়িয়ে আছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, প্রক্টর আরজু মিয়াসহ অনেক শিক্ষকও ছিলেন সেখানে। একটু দূরেই জরুরি বিভাগের পরিবেশ ভারী হয়ে উঠেছিল মনোয়ারার মা আমেনা খাতুন, বাবা কাজী আবদুল হাকিম আর ভাই আরাফাতের বুকফাটা কান্নায়। মনোয়ারার মৃত্যুর খবর তখনো জানানো হয়নি তাঁদের। হাসপাতালে মনোয়ারাকে খুঁজতে আসা হয়েছে—এটাই শুধু বলা হয়েছিল তাঁদের। আর তাই ‘আল্লাহ, আমার মেয়েটাকে আমার কাছে এনে দাও’, ‘মনোয়ারা, আমার কাছে ফিরে আয়, মা’, ‘তুই জানিস না, তোকে না দেখে আমি থাকতে পারি না!’ এমন আর্তনাদ করতে করতে হাসপাতালের বিছানায় বারবার লুটিয়ে পড়ছিলেন আমেনা খাতুন।গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মনোয়ারার লাশ মহাখালী জামে মসজিদসংলগ্ন বাসার উদ্দেশে নিয়ে যায় তাঁর পরিবার।মেধাবী ছাত্রী মনোয়ারার অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।