অসময়ে পাহাড়ি ঢলে প্লাবিত হাওরাঞ্চল
অসময়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চল। কয়েক দিন আগে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে এই ঢল নামা শুরু হয়েছে।
গত শনিবার মধ্যরাতে হঠাৎ করে ঢল নামা শুরু হয় সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চলে। এতে উপজেলার কমপক্ষে ১৩টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলার সঙ্গে গোয়াইনঘাটের সংযোগ স্থাপনকারী একটি সড়কসহ কয়েকটি আঞ্চলিক সড়কও পানিতে ডুবে গেছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার নয়াখেল, আলীরগাঁও, কাকনাখাই, বারকিপুর, প্রকাশ, বিছনাকান্দিসহ নাইন্দা, তিতকুল্লি ও বগাইয়ার হাওরপাড়ের অন্তত ১৩টি গ্রাম পানিতে প্লাবিত হয়ে গেছে। সারিঘাট-গোয়াইনঘাট-সিলেট সংযোগ সড়ক পানিতে ডুবে গেছে। এ ছাড়া উপজেলার নয়াখেল সড়ক, হাদারপাড় সড়কসহ বেশ কয়েকটি আঞ্চলিক সড়কও ডুবে গেছে। পানি উঠে পড়ায় উপজেলার আলীরগাঁও কলেজে গতকাল থেকে পাঠদান বন্ধ রয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে উপজেলার বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে। উপজেলা প্রশাসন পানিবন্দী মানুষকে সহায়তার জন্য কাজ করছে।
সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলে শনির হাওর, ললিতপুর, ঘনিয়াকুড়ি, উলান, বলদার, কলমার, পানার হাওরসহ ১৫টি হাওরের ফসল তলিয়ে গেছে। এতে কৃষকের দেড় শ কোটি টাকার বোরো ধান নষ্ট হয়ে গেছে। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চেয়ারম্যান কামরুজ্জামান।
সংবাদ সম্মেলনে কৃষকদের পক্ষে নয় দফা দাবি উপস্থাপন করা হয়।