অসময়ে ভাঙন এক রাতে ৫০ পরিবার ঘরহারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুরে ব্রহ্মপুত্র নদে আকস্মিক ভাঙনে গত বৃহস্পতিবার রাতেই ৫০টি পরিবার তাদের বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হয়েছে৷ ওই দিন বিকেল থেকে ভাঙন শুরু হলেও প্রশাসন গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি৷
কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহাম্মেদ ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আবদুল কাদের গতকাল সকালে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন৷
এলাকাবাসী জানান, তাঁরা ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুড়িগ্রাম শহরে গিয়ে মিছিল-সমাবেশ পর্যন্ত করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি৷ এখন উজানের ঢল ও তীব্র বাতাসে হঠাৎ পানি বেড়ে আবার ভাঙন দেখা দিয়েছে৷
জেলা প্রশাসক বলেন, ‘বিষয়টি আমি ঊর্ধ্বতন কতৃর্পক্ষকে জানাব৷ এ ছাড়া পাউবোর সঙ্গে কথা বলে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে অনুরোধ জানাব৷’