অসময়ে যমুনায় ভাঙন সিরাজগঞ্জে বাঁধে ধস
শুষ্ক মৌসুমে সিরাজগঞ্জের যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধসহ একটি শিক্ষাপ্রতিষ্ঠান নতুন করে হুমকির মুখে পড়েছে। অসময়ের এ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার শিমলা-২ স্পারের উত্তর থেকে বালুঘুঘরি হয়ে বাহুকা পর্যন্ত যমুনার ভাঙন চলছে। এ এলাকার নদীর ডান তীরের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ভাঙছে। স্পারসংলগ্ন শহীদ আহসান হাবীব উচ্চবিদ্যালয় নদী থেকে ১০ ফুট দূরে অবস্থান করছে। কাছেই খননযন্ত্র পড়ে রয়েছে।
সিরাজগঞ্জ পাউবো ও এলাকাবাসী সূত্র জানায়, এক সপ্তাহ ধরে নদীর ডান তীরে ভাঙন শুরু হয়েছে। তিন দিন আগে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া এলাকায় স্থায়ী তীর সংরক্ষণ বাঁধের নিচ অংশের চার মিটারজুড়ে সিসি ব্লক ধসে গেছে। পাউবোর নির্মাণ করা দুই কিলোমিটার দীর্ঘ অস্থায়ী বন্যানিয়ন্ত্রণ বাঁধের বালুঘুঘরি এলাকায় গত বছর বন্যায় প্রায় ২০ মিটার অংশ ধসে যায়। ওই সময় কিছু বালুর বস্তা ফেলে ভাঙনরোধ করা হলেও এখন নতুন করে ভাঙন শুরু হয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাঁধটি হুমকির মুখে পড়েছে।
বালুঘুঘরি গ্রামের ইয়াকুব আলী জানান, এক সপ্তাহ ধরে নদীতে জোয়ারের কারণে কিছুটা পানি বেড়েছে। নদীর পানির স্রোত সরাসরি বন্যানিয়ন্ত্রণ বাঁধে আঘাত করায় ভাঙন বৃদ্ধি পেয়েছে। পানির গতিপথ পরিবর্তন করতে নদী খনন করে ভরাট করার জন্য পাউবো খননযন্ত্র আনলেও তা অজানা কারণে বন্ধ রাখা হয়েছে। এ কারণে এলাকার মানুষ এখন আতঙ্কিত হয়ে পড়েছে।
শহীদ আহসান হাবীব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, ‘সামান্য পানি বৃদ্ধিতেই যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে বন্যার পানি এলে কী হবে একমাত্র আল্লাহই জানেন। ভাঙনরোধে পাউবোর কর্মকর্তাদের কাছে কতবার বলেছি, তাঁরা শুধু দেখে দেখে চলে যাচ্ছেন। কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। যদি দ্রুত সময়ে খননযন্ত্র দিয়ে ডান পাড়ের কিছু অংশ ভরাট করত, তাহলে ভাঙনরোধ সম্ভব হতো।’
ঘটনাস্থলে উপস্থিত সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, শিমলা স্পার থেকে বালুঘুঘরি পর্যন্ত পানি সরাসরি আঘাত হানায় ভাঙন দেখা দিয়েছে। এই এলাকাটি ভরাট করে পানি নদীর ভেতর দিয়ে প্রবাহিত করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে খননযন্ত্র এসেছে। পাইপ না আসায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। অচিরেই পাইপ এলে কাজ শুরু হবে। এ ছাড়া যমুনা নদীর গতি-প্রকৃতি নির্ণয় করা কঠিন। স্থায়ী তীর সংরক্ষণ বাঁধের ধসে যাওয়া স্থানে সিসি ব্লক ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য স্থানের ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হবে।