অসময়ে সার আমদানি কৃষকের কাছে যাওয়া নিয়ে অনিশ্চয়তা
সরকারি মালিকানাধীন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) মজুদ পড়ে আছে ৭০ হাজার টন সার। এর বাইরে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) আমদানি করা আরও ২৪ হাজার ৫৭০ টন ইউরিয়া পড়ে আছে সিইউএফএল জেটি ও আশপাশের খোলা জায়গায়। এসব সার কৃষকের কাছে কবে পৌঁছাবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বোরো মৌসুমে সারের সর্বোচ্চ চাহিদা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এই দুই মাসে চাহিদার চেয়ে আট হাজার ৬৫০ টন ইউরিয়া সার কম পাওয়া গেছে। আবার মৌসুমের শেষ সময়ে এসে বিপুল পরিমাণ সার চট্টগ্রামে স্তূপ হয়ে আছে। অভিযোগ রয়েছে, এসব সার কৃষকের কোনো কাজে না এলেও ভর্তুকি দিতে হচ্ছে ৬৪ কোটি টাকা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক টিএম মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন ইউরিয়ার চাহিদা তেমন নেই। কারণ মার্চ মাসের পর বোরো মৌসুমে আর ইউরিয়ার প্রয়োজন হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বোরো মৌসুম মূলত অক্টোবর থেকে শুরু হয়। ওই মাসে চট্টগ্রামের চাহিদা ছিল আট হাজার ৩৬ টন আর সরবরাহ ছিল ১০ হাজার ৩০২ টন। এরপর নভেম্বর মাসে চাহিদা প্রায় সাত হাজার টন হলেও সরবরাহ ছিল চার হাজার টন। ডিসেম্বরে ১২ হাজার টন চাহিদার বিপরীতে পাওয়া যায় মাত্র পাঁচ হাজার ৯৬২ টন। জানুয়ারি মাসে ২২ হাজার টনের বিপরীতে ১৬ হাজার ও ফেব্রুয়ারি মাসে ২৩ হাজার টন চাহিদার বিপরীতে ১৯ হাজার টন ইউরিয়া সার পাওয়া যায়। অথচ ফেব্রুয়ারিতে সিইউএফএল গুদামে ছিল ৬৬ হাজার টনের মতো ইউরিয়া সার। কৃষকের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও দিনে গড়ে ২০০ থেকে ৩০০ টন সার এখান থেকে ছাড় করা হয়। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত আমদানিকারকদের সার বিক্রির সুযোগ করে দিতেই এ ব্যবস্থা নেওয়া হয়। সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. বজলুর রহমান খান প্রথম আলোকে বলেন, যে পরিমাণ সার মজুদ আছে তার চেয়ে ছাড়ের পরিমাণ কম। ফলে এ সার দ্রুত কৃষকের কাছে পৌঁছাতে না পারলে তার সুফল পাওয়া যাবে না।জানা যায়, সুইচ সিঙ্গাপুর ওভারসিজ নামের বিদেশি প্রতিষ্ঠান প্রায় তিন সপ্তাহ আগে চীন থেকে ২৪ হাজার ৫৭০ টন সার আমদানি করে। শিল্প মন্ত্রণালয়ের অঙ্গপ্রতিষ্ঠান বিসিআইসি এই সার আমদানি করে। বিসিআইসি সূত্রে জানা যায়, প্রতি টন সার কেনা হয়েছে ৪৭ হাজার ৮৮০ টাকায়। মাঠপর্যায়ে বর্তমানে ৫০ কেজির প্রতি বস্তা ইউরিয়া সার বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়। সে হিসাবে প্রতি টনের দাম পড়ে ২০ হাজার টাকা। ফলে প্রতি টনে সরকারকে ভর্তুকি দিতে হবে ২৭ হাজার ৮৮০ টাকা। সে হিসাবে সিইউএফএল জেটিতে ফেলে রাখা ইউরিয়া সারে সরকারকে ভর্তুকি দিতে হবে ৬৮ কোটি ৫০ লাখ ১১ হাজার ৬০০ টাকা। ইতিমধ্যে এই সার এক দফা বৃষ্টিতে ভিজেছে। বিসিআইসি ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এসব সার আমদানি করলেও এখনো তা বুঝে নেয়নি। বিসিআইসি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক এস এম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সার আমদানিকারককে বিসিআইসি শর্ত দিয়েছিল ব্যাগের গায়ে ইংরেজিতে বিবরণ লেখা থাকতে হবে। কিন্তু ব্যাগের গায়ে আছে চীনা ভাষায় লেখা। এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এ প্রসঙ্গে সুইচ সিঙ্গাপুর ওভারসিজের এদেশীয় প্রতিনিধি বি এ এম লোকমান হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, ‘কিছু লোক আমাদের পিছু লেগেছে। আমদানি করা এসব সার নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা থেকে এসব কথা বলছে। এ অপপ্রচারের কারণে ব্যবসায়িকভাবে আমাদের ক্ষতি হয়েছে।’ বিসিআইসি সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ইউরিয়া সার আমদানি করে হয়ে থাকে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই প্রতিষ্ঠান থেকে সারগুলো বুঝে নেয়। জানা যায়, দেশে মোট ইউরিয়া সারের চাহিদা প্রায় ২৯ লাখ টন। একসময় বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) অধীন সার কারখানাগুলোতে প্রায় ১৯ লাখ টন ইউরিয়া সার উৎপাদিত হতো। কিন্তু গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সরকারি সার কারখানার উৎপাদন এখন গড়ে ১১ লাখ টনে নেমে এসেছে। চাহিদা মেটাতে অবশিষ্ট সার বিদেশ থেকে আমদানি করতে হয়।