অসময়ে সেতু মেরামত, দুর্ভোগে গ্রামবাসী
ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-ফাঁড়াবাড়ী সড়কের সেনুয়া নদীর ওপর লোহার তৈরি সেতুটি ঝুঁকিপূর্ণ থাকার পর রোববার সকালে এটি মেরামত শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বর্ষা মৌসুমে পথচারী পারাপারের বিকল্প ব্যবস্থা না করেই সেতুটি মেরামত শুরু করায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।এলজিইডি সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে ১৯৮৬ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-ফাঁড়াবাড়ী সড়কের সেনুয়া নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লোহার তৈরি বেইলি সেতু নির্মাণ করে। কিছুদিনের মধ্যে সেতুটিতে ভারী যানবাহন চলাচলের কারণে মানুষ চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। গত রোববার সকালে হঠাৎ এলজিইডি পথচারী পারাপারের বিকল্প ব্যবস্থা না করেই এটি মেরামতের জন্য পাটাতন খুলে ফেলে। এতে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।বরুণাগাঁও গ্রামের তাহেরুল হক, আইনুল হক, খাদেমুল, মফিজুল, জয়নাল ও জহিরুল কলাগাছের পাঁচটি ভেলার মাধ্যমে মানুষ পারাপার করছেন। তাঁরা জনপ্রতি পাঁচ টাকা, সাইকেল ১০ টাকা ও মোটরসাইকেল ৫০ টাকা হারে আদায় করছেন।এ সময় তাহেরুল বলেন, ‘সেতু মেরামতের জন্য পাটাতন হঠাৎ ভেঙে ফেলায় অনেক লোকজন সেতুর মুখে এসে ফিরে যায়। তাই কলার ভেলা বানিয়ে তাদের চলাচলের সুবিধা করে দিয়েছি। তারা বিনিময়ে যা দেয়, তাই নিই।’ফাঁড়াবাড়ী হাটে যাওয়ার সময় আবদুল জলিল (৬৭) নামে এক বৃদ্ধ বলেন, সারা বছর এই নদী প্রায় শুকনোই থাকে। সে সময় সেতুটি মেরামতের কাজ করলে মানুষের এই কষ্ট হতো না। সেতু মেরামতের আগে বিকল্প পথ তৈরি করে সেতু মেরামত করা হয়। এখানে দেখছি তার উল্টো কাজ করা হয়েছে।এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম জানান, বেইলি সেতুটি সংস্কারের জন্য অল্প টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পথচারী পারাপারে বিকল্প পথ তৈরি করতে সমপরিমাণ টাকা ব্যয় হবে দেখে তা করা হয়নি। সেতুটি সংস্কারের কাজ শুরু করায় মানুষকে খানিকটা দুর্ভোগ মেনে নিতে হবে। শুষ্ক মৌসুমে সেতুর সংস্কার করা হলো না কেন এ প্রশ্নের জবাবে শরিফুল ইসলাম বলেন, ‘যখন বাজেট পেয়েছি, তখনই থেকেই কাজ করছি।’