অসময়ের ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, জমিজমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া এলাকায় ভাঙনের ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া এলাকায় ভাঙনের ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

সিরাজগঞ্জের যমুনা নদীতে অস্বাভাবিকভাবে পানি কমতে শুরু করায় জেলার চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলে অসময়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে গত ১৫ দিনে শতাধিক বসতবাড়ি, ২২টি দোকানপাট, ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান, কবরস্থান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ কয়েক শত বিঘা আবাদি জমি নদীতে বিলীন হয়েছে।
ক্ষতিগ্রস্ত লোকজন ও এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পাউবো ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্যার পর হঠাৎ ১৫ দিন ধরে যমুনা নদীর পানি অস্বাভাবিক গতিতে কমতে শুরু করে। প্রতিদিন এক থেকে দেড় ফুট করে পানি কমতে থাকে। পানির টানে নদীর পূর্ব তীরের নিচের অংশ থেকে বালু ও মাটি সরে যেতে থাকায় চাপ ধরে তীর ধসে পড়তে থাকে।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলের যমুনা নদীর পূর্ব তীরবর্তী খাষপুখুরিয়া থেকে সীমান্তবর্তী পাথরাইল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকার বাঘুটিয়াপূর্ব, চরছলিমাবাদ, পাথরাইল পূর্বপাড়া, খাষপুখুরিয়া পশ্চিম ও উমারপুর ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী বিনানই, হাপানিয়া ও হাটাইল গ্রামে অসময়ে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, কবরস্থানসহ শতাধিক ঘর, তাঁত কারখানা, আবাদি জমি বিলীন হয়েছে। বাড়িঘর হারিয়ে অনেকেই বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এখন পার্শ্ববর্তী চৌবাড়িয়া কারিগরি কলেজ, পয়লা দাখিল মাদ্রাসা, চরছলিমাবাদ দাখিল মাদ্রাসা, বিনানই বাজার, কমিউনিটি ক্লিনিক, হাপানিয়া ও হাটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান, বুতের মোড় বাজারসহ কয়েকটি গ্রাম নতুন করে ভাঙনের হুমকিতে পড়েছে।
বাঘুটিয়া গ্রামের আলমাস উদ্দিন ও জরিনা বেগম বলেন, ভাঙন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রতিরোধে পাউবোসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আবেদন করা হয়। কিন্তু কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থাই নেয়নি।
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দীকি বলেন, অসময়ের এই ভাঙনরোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আবদুল্লাহ আল-মামুন বলেন, নদীভাঙনের বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।
পাউবোর টাঙ্গাইল জেলার নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, ভাঙনের সার্বিক পরিস্থিতি উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।