অসহনীয় লোডশেডিং বিপাকে রামগতিবাসী
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পল্লী বিদ্যুতের সরবরাহ লাইন মেঘনা নদীর ভাঙনে বিচ্ছিন্ন হওয়ায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ছয় হাজার গ্রাহক দুর্ভোগে পড়েছেন। বিকল্প ব্যবস্থায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও সেখানে গত দুই মাস ধরে ব্যাপক লোডশেডিং দিতে হচ্ছে৷ এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে৷
রামদয়াল বাজার উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেক আহমদ অভিযোগ করেন, প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। লোডশেডিংয়ের আগাম সময়সূিচ (শিডিউল) জানানো হচ্ছে না। এ অবস্থায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রামগতি মাছঘাট এলাকার মিলন আইচ ফ্যাক্টরির (বরফকল) মালিক আফছার উদ্দিন অভিযোগ করেন, িনরবচ্ছিন্নভাবে চার-পাঁচ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না। আবার দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বরফ গলে নষ্ট হয়। এত বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুন-অর-রশিদ জানান, বিদ্যুতের সমস্যার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পানির সরবরাহ লাইন এবং গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সচল রাখা যাচ্ছে না। বিশেষ করে রেফ্রিজেটরে রাখা জীবনরক্ষাকারী ওষুধ ও ভ্যাকসিন নষ্ট হয়ে যাচ্ছে৷
পল্লী বিদ্যুতের রামগতি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী দিলীপ চৌধুরী বলেন, গত এপ্রিল মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মেঘনা নদীর ভাঙনের কবলে পড়ে দক্ষিণ ও পূর্ব অঞ্চলের সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় প্রায় সাড়ে আট কিলোমিটার নতুন লাইন তৈরি করে বিচ্ছিন্ন অঞ্চলটিকে ‘ই’ ফিডারে যুক্ত করার মধ্য দিয়ে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। বিকল্প সংযোগ চালু করার পর ‘ই’ ফিডারে লোড বেড়ে দুই মেগাওয়াট হয় এবং সরবরাহ লাইনের দূরত্ব হয় প্রায় ২৫ কিলোমিটার। কমপক্ষে দুই মেগাওয়াট বিদ্যুৎ ছাড়া ফিডারটি চালু করা যায় না। এ ছাড়া ২৫ কিলোমিটার সরবরাহ লাইনে কোনো ত্রুটি দেখা দিলে পুরো ফিডারটি বন্ধ রাখতে হয়। এতে ওই ফিডারের গ্রাহকদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।
দিলীপ চৌধুরী আরও জানান, বিকল্প লাইন তৈরি করে তা পুরোনো ফিডারের সঙ্গে যুক্ত করলে লোডশেডিং কমে আসবে৷ কিন্তু এ কাজ করতে অনেক সময় লেগে যাবে৷ রামগতি ও কমলনগর উপজেলায় তাঁর কার্যালয়ের আওতায় ১৪ হাজার ২০০ গ্রাহক রয়েছেন। তাঁদের বিদ্যুতের চাহিদা পাঁচ মেগাওয়াট। সরবরাহ পাওয়া যায় তিন মেগাওয়াট। কম বিদ্যুৎ পাওয়ায় বিতরণ ব্যবস্থাপনায় জটিলতা দেখা দেয়। এ জন্য তিনটি ফিডারে বিভক্ত করে বিদ্যুৎ বিতরণ করতে হচ্ছে। এ ক্ষেত্রে অধিকাংশ সময় কোনো না কোনো ফিডারে লোডশেডিং দিতে হচ্ছে।