অসহনীয় লোডশেডিং অতিষ্ঠ শহরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখের দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বগুড়ায় দিনে-রাতে চলছে বিদ্যুতের ভয়াবহ লুকোচুরি খেলা। সপ্তাহজুড়ে বিদ্যুতের এই ভেল্কিবাজিতে অতিষ্ঠ শহরবাসী। সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলছে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। দিনে ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে লোডশেডিং। সন্ধ্যা নামলেই শহরজুড়ে বিরাজ করছে ঘুটঘুটে অন্ধকার।
শহরের সেউজগাড়ি তালুকদারপাড়া এলাকায় মঙ্গলবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা দুই ঘণ্টা এবং সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা এবং রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হয়। আবাসিক এই এলাকায় বেশ কয়েকটি ক্লিনিক ছাড়াও রয়েছে কয়েক শ ছাত্রাবাস।
আনন্দমহল ছাত্রাবাসের বাসিন্দা ও সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ফেরদৌস আলম বলেন, সম্মান বিভিন্ন বর্ষের পরীক্ষা চলছে। ২৪ এপ্রিল থেকে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। অথচ বিদ্যুতের ভেল্কিবাজিতে পড়াশোনা করা যাচ্ছে না। দিনে বিদ্যুৎ থাকে না। ভ্যাপসা গরমে ছাত্রাবাসে টেকা যায় না।
শহরের প্রাণকেন্দ্র সাতমাথা ঘেঁষেই আলতাফুন্নেছা খেলার মাঠ ও জলেশ্বরীতলা বাণিজ্যিক এলাকা। সন্ধ্যা নামলেই আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ঘুটঘুটে অন্ধকারে আলতাফুন্নেছা খেলার মাঠ সড়কে ওত পেতে থাকা ছিনতাইকারীর কবলে পড়তে হয় পথচারীদের।
জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা সাজ্জাদুল কিবরিয়া বলেন, বৈশাখের শুরু থেকেই দুঃসহ গরমের সঙ্গে দিনে-রাতে চলছে প্রচণ্ড দাবদাহ। দিনে বিদ্যুৎ থাকে না। সন্ধ্যায় বিদ্যুৎ থাকে না। ছোট বাচ্চাদের চরম কষ্ট হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিল্প উদ্যোক্তা বলেন, ‘একটি পাটকল ও পোলট্রি হ্যাচারি দিয়েছি। বিদ্যুতের লোডশেডিংয়ে দুটোতেই উৎপাদন ব্যাহত হচ্ছে।’
জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিদিন বগুড়া পিডিবির বিদ্যুতের চাহিদা ২৩০ মেগাওয়াট। এর মধ্যে পিডিবির নিজস্ব গ্রাহক এলাকায় ৯০ মেগাওয়াট এবং অবশিষ্ট ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে হয় পল্লী বিদ্যুৎ সমিতিতে। কিন্তু কয়েক দিন ধরে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ মিলছে চাহিদার অর্ধেক। ফলে লোডশেডিং করতে হচ্ছে।