অসহনীয় লোডশেডিংয়ে বোরো চাষিরা দিশেহারা
অব্যাহত লোডশেডিংয়ে নীলফামারীর বোরো চাষিরা বিপাকে পড়েছেন। প্রয়োজনীয় সেচের অভাবে শুকিয়ে যাচ্ছে জমি। অনেকে ডিজেলচালিত সেচপাম্প দিয়ে সেচ দিতে বাধ্য হচ্ছেন। এতে খরচ বাড়ছে। বিদ্যুতের দাবিতে গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ডিমলা উপজেলার বোরো চাষিরা বিক্ষোভ করেছেন। এরপর আজ বৃহস্পতিবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়, অবশ্য পরে পুলিশের অনুরোধে তা প্রত্যাহার করা হয়। গতকাল বুধবার সকালে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেন কৃষকেরা। এ ব্যাপারে ইউএনও মিজানুর রহমান বলেন, পিডিবি প্রতি দুই ঘণ্টা অন্তর এক ঘণ্টা বিদ্যুৎ দিতে চেয়েছে, কৃষকেরা এতে সন্তুষ্ট। উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক বেশি। কিন্তু তাঁদের সংকট বেশি। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মহাব্যবস্থাপক এস এম হাবিবুর রহমান বলেন, জেলায় ২৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে তাঁরা বিদ্যুৎ পাচ্ছেন সাত মেগাওয়াট।মঙ্গলবার সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ও চোধুরীপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, সেচপাম্পগুলো বন্ধ রয়েছে। কৃষকেরা অপেক্ষায় আছেন কখন বিদ্যুৎ আসবে। এসব সেচপাম্পের আওতাধীন অনেক জমি শুকিয়ে গেছে। ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক বিমল চন্দ্র রায় (৫৫) বলেন, ‘দিনে-রাতে কতবার বিদ্যুৎ যায়, তার হিসাব নাই। আর যখন আইসে, তখন ভোল্টেজ পায় না। সময়তে শ্যালো নাগাই; মনে কইরছি, তেলের দাম বেশি মটর নিয়া বাঁচা যাইবে। এলা ঘুরি তেলও খরচ করির নাগেছে। কারেন্ট নিয়া বেকার টাকা খরচ হইল।’ চৌধুরীপাড়া গ্রামের কৃষক ইয়াকুব আলী বলেন, ‘ভুঁই (জমি) ফাটি যায়ছে, পানি দিবার পাচ্ছি না। একবার কারেন্ট আসি এক ঘণ্টা থাইকলে তিন ঘণ্টা আর খবর নাই। এমনি ধানের দাম নাই, কৃষাণের দাম বেশি আর কারেন্টের এই অবস্থা হইলে মানুষ আবাদ কইরবে কেমন করি।’ ওই গ্রামের কৃষক মোজাম্মেল হক (৩৫) জানান, তাঁর দুটি মোটর আছে, একটি পবিস আর অন্যটি পিডিবির (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) বিদ্যুতে চলে। পবিসের বিদ্যুৎ ২৪ ঘণ্টায় দু-তিন ঘণ্টা আর পিডিবির ছয়-সাত ঘণ্টা পাওয়া যায়। লোডশেডিংয়ের পাশাপাশি লো-ভোল্টেজের কারণে দুবার তাঁর মোটর জ্বলে গেছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, জেলায় এবার ৭৮ হাজার ৮১২ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। এর মধ্যে ৬২ হাজার হেক্টরে বিদ্যুৎচালিত পাম্পে সেচ দেওয়া হচ্ছে। অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজার রহমান প্রথম আলোকে বলেন, পিডিবি ও পবিসের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। তারা ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার কথা বলছে। কিন্তু নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে পারছে না। এ কারণে কৃষকদের বিদ্যুৎচালিত সেচপাম্পের পাশাপাশি ডিজেলচালিত পাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। পিডিবির নীলফামারীর আবাসিক প্রকৌশলী মো. রুবেল আহমেদ বলেন, জেলায় পিডিবির বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট। এর মধ্যে মিলছে সর্বোচ্চ নয় মেগাওয়াট। জেলা সদরে ছয় মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে দুই থেকে আড়াই মেগাওয়াট। এই বিদ্যুৎ দিয়ে ৯০০ সেচপাম্প, আটটি বড় কারখানা, ২৩০টি ক্ষুদ্র কারখানাসহ ১১ হাজার ১৯৩ জন গ্রাহককে চালাতে হচ্ছে। তাই চারটি ফিডারে পালাক্রমে লোডশেডিং করতে হচ্ছে। এ ছাড়া ডোমার-ডিমলায় সাত মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে তিন-চার মেগাওয়াট। তিনি বলেন, সরবরাহ বাড়ানো না গেলে সেচের সমস্যার সমাধান সম্ভব নয়।