পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে অসহযোগ আন্দোলনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। তিনি বলেন, ১৭ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় মানুষ প্রতিনিয়ত ভূমি থেকে উচ্ছেদ হয়ে বাস্তুহারা হচ্ছে।
বান্দরবানে গতকাল বুধবার পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) দুই দিনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। জেলা শহরের রাজার মাঠে আয়োজিত সম্মেলনের প্রথম দিনে গতকাল তিন পার্বত্য জেলার কয়েক হাজার ছাত্র অংশ নেয়।
পিসিপির কেন্দ্রীয় সভাপতি জ্যোতিষ্মান চাকমার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জনসংহতি সমিতির (জেএসএস) সহসাংগঠনিক সম্পাদক কে এস মং মারমা, চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাঈন উদ্দিন, বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের জেলা সভাপতি জুয়ামলিয়ান আমলাই, পার্বত্য মহিলা সমিতির সভানেত্রী ওয়াইচিং প্রু মারমা, ছাত্রমৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্র ইউনিয়নের সহসভাপতি মারুফ বিল্লাহ, পিসিপির সাংগঠনিক সম্পাদক অনিল মারমা প্রমুখ।
জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত নাজুক উল্লেখ করে সমাবেশে বলেন, দমন-পীড়ন, ভূমি দখল ও অত্যাচারে টিকে থাকতে না পেরে বান্দরবান থেকে গত কয়েক বছরে শতাধিক আদিবাসী পরিবার দেশ ছেড়েছে। তিনি অভিযোগ করেন, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তারা প্রতিনিয়ত পার্বত্য চুক্তি পরিপন্থী কাজ করছেন। পূর্ব পাকিস্তানকে পাঞ্জাবি শাসকগোষ্ঠী যে রকম উপনিবেশ মনে করত, একইভাবে আমলারাও পার্বত্য চট্টগ্রামে পাঞ্জাবিদের মতো ঔপনিবেশিক শাসন চালাচ্ছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাঈন উদ্দিন বলেন, শত্রুভাবাপন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করলে শান্তি চুক্তি বাস্তবায়ন কিংবা কোনো রকম সমস্যার সমাধান করা যায় না।
রেহেনা বেগম অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়িয়েছে।
জেএসএসের নেতা কে এস মং দাবি করেন, সরকারের ভেতরের একটি সরকার নিজেদের ফায়দা লুটতে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি চুক্তির পূর্বের অবস্থায় নিয়ে যেতে চাইছে।