অসহযোগিতা আন্দোলন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি পাওয়া শিক্ষকেরা উপাচার্যের সঙ্গে অসহযোগিতা আন্দোলন কর্মসূচি করেছেন। অর্জিত সময় থেকে পদমর্যাদা ও প্রাপ্য সুবিধাদি না দেওয়ার অভিযোগ এনে গতকাল রোববার থেকে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। শিক্ষক সমিতির আহ্বানে এই কর্মসূচি পালিত হচ্ছে।
কর্মসূচির কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে শিক্ষার্থীদের সাক্ষাৎ গ্রহণ গতকাল শুরু হওয়ার কথা থাকলেও তা বন্ধ হয়ে গেছে।
শিক্ষকদের পদোন্নতির বিষয়ে সৃষ্ট জটিলতা ছাড়াও উপাচার্য এ কে এম নূর-উন-নবীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে গত শনিবার শিক্ষক সমিতি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ।
লিখিত অভিযোগে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪২তম সিন্ডিকেট সভার মাধ্যমে ২৭ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু তাঁরা এর অনেক আগে পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও তাঁদের পদমর্যাদা ও প্রাপ্য সুবিধাদি সিন্ডিকেট সভার দিন থেকে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হলে শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি নিরসনে গত ২৭ অক্টোবর শিক্ষক সমিতি সাধারণ সভার মাধ্যমে উপাচার্যকে স্মারকলিপি প্রদান করলেও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় উপাচার্যের সঙ্গে যাবতীয় কর্মকাণ্ড বিষয়ে অসহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী গতকাল রোববার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পদোন্নতিপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা বলেন, ‘নিয়ম অনুযায়ী আমার ২৩ মাস আগে পদোন্নতি হয়েছে। কিন্তু তা দেওয়া হচ্ছে অনেক পরে।’
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির নেতারা আরও জানান, গত ফেব্রুয়ারি মাসে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে সনদ জালিয়াতি করা ইমরান নামের একজন শিক্ষকের নিয়োগ প্রমাণিত হওয়ার পর তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলেও তাঁর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। উপাচার্য বলেন, ‘খুব শিগগির তা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় প্রথম ছয়টি বিভাগের শিক্ষার্থী তাঁদের স্নাতক ডিগ্রি শেষ করলেও স্নাতকোত্তর ডিগ্রির বিধিমালা প্রণয়নের বিষয়ে উপাচার্য উদাসীন বলে অভিযোগ তোলা হয়েছে। এর ফলে এ ছয়টি বিভাগের শিক্ষার্থীরা স্নাতকোত্তর বিভাগের কোনো ক্লাস করতে পারছেন না।
শিক্ষার্থীদের আবাসিক একটি হল নির্মিত হলেও সেটি চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে না। সেই সঙ্গে উপাচার্য বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থেকে ঢাকায় অবস্থান করেন বলে সমিতির অভিযোগ।
উপাচার্য এ কে এম নূর-উন-নবী প্রত্যেকটি অভিযোগের আলাদা আলাদা ব্যাখা দিয়ে প্রথম আলোকে বলেন, শিক্ষকদের পদোন্নতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের সভার দিন থেকে পদোন্নতির সব সুবিধাদি তাঁরা ভোগ করবেন। ছয়টি বিভাগের স্নাতকোত্তর ডিগ্রির বিধিমালা না হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগের সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘শিক্ষকদের বিধিমালা করার জন্য ওই সব বিভাগে তাগাদা দেওয়ার পরও তারা করেনি। এখানে আমারই বা কী করার আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চালুর ব্যাপারে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (গতকাল রোববার) থেকেই শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করার কথা। তাদের (শিক্ষক সমিতি) কর্মসূচির কারণে সেটিও বন্ধ হলো। আমাকে বিশ্ববিদ্যালয়ের নানা কাজের জন্য ঢাকায় যেতে হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য আমাকে প্রতিপক্ষ ভাবলে কী উন্নতি করা সম্ভব?’