অসহযোগ আন্দোলনের হুমকি জনসংহতির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা বলেছেন, ‘অসহযোগ আন্দোলনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কারণ, পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা আছে বলে মনে হচ্ছে না। তাই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ মে থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে। এ ক্ষেত্রে তৃণমূলের নেতা-কর্মীদের বেশি সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
২৩ মার্চ সকাল ১০টায় রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সন্তু লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ১৮তম ও যুব সমিতির (যুস) চতুর্থ সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে শক্তিপদ ত্রিপুরা এ কথা বলেন।
যুব সমিতির জুরাছড়ি উপজেলা শাখার সভাপিত ইমন চাকমার সভাপতিত্বে শিশুপার্ক মাঠে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয় জয় চাকমা, নারী ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ মণি চাকমা। সম্মেলনে ছাত্র পরিষদ ও যুব সমিতির কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা শাখার নেতারা বক্তব্য দেন।
সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার চুক্তি করলেও বাস্তবায়নের সাহস নেই। মুখে চুক্তি বাস্তবায়নের কথা বলছে, কাজে আদিবাসীদের অস্তিত্ব ধ্বংসের কাজ করে যাচ্ছে। তাই আন্দোলনের মাধ্যমে চুক্তির প্রতিটি ধারা বাস্তবায়নে বাধ্য করতে হবে। ৩০ এপ্রিলের মধ্যে সরকারের পক্ষ থেকে পার্বত্য চুক্তি বাস্তবায়নে সময়সূচি ভিত্তিক কর্মসূচি ঘোষণা দেওয়া না হলে অসহযোগ আন্দোলন শুরু হবে।
পরে কাউন্সিল অধিবেশনে বিশ্বজিৎ চাকমাকে সভাপতি ও সুশান্ত চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট পাহাড়ি ছাত্র পরিষদ এবং সুজিত রায়কে সভাপতি ও পলাশ চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের যুব সমিতির উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।