পুলিশের অসহযোগিতায় বন্ধ হয়ে যেতে পারে ঢাকা সিটি করপোরেশেনের (ডিসিসি) বিলবোর্ড উচ্ছেদ অভিযান। ডিসিসির কর্মকর্তাদের ধারণা, অনেক স্থানেই পুলিশ অবৈধ বিলবোর্ড উচ্ছেদ চায় না। ফলে এ অভিযান-কার্যক্রম বন্ধ করে দিতে হতে পারে। তবে মহানগর পুলিশের কমিশনার এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ডিসিসি চাইলেই সহযোগিতা পাবে। সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার পুলিশের অসহযোগিতার কারণে বিলবোর্ড উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়। ২৬ মার্চ আবার অভিযান শুরুর কথা। কিন্তু পুলিশ সহযোগিতা না করলে উচ্ছেদ অভিযান চালানো যাবে না। ডিসিসি সূত্র জানায়, গত বৃহস্পতিবার পুলিশ রাজধানীর শাহবাগ এলাকায় বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করে। কিন্তু পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সামনে একটি বিশাল বিলবোর্ড ভাঙার পর রাত ১১টার দিকে পুলিশের অসহযোগিতার কারণে অভিযান বন্ধ হয়ে যায়। ডিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ সাংবাদিকদের বলেন, শাহবাগ পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সামনের বিশাল বিলবোর্ডটি ভাঙা শুরু করার কিছুক্ষণ পর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তা না ভাঙার জন্য অনুরোধ করেন। অনুরোধ না রাখায় রাত সাড়ে ১১টায় এ কাজে নিয়োজিত পুলিশের দুই প্লাটুন সদস্যের সবাই তাঁকে না জানিয়ে চলে যান। ফলে উচ্ছেদ কাজ বন্ধ রেখে সবাইকে ফিরে যেতে হয়।ম্যাজিস্ট্রেট বলেন, আইন অনুযায়ী উচ্ছেদ অভিযানে নিয়োজিত পুলিশ তাঁর অনুমতি ছাড়া স্থান ত্যাগ করতে পারে না। বিষয়টি তিনি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বলেছেন, বৃহস্পতিবারের অভিযানের ব্যাপারে তাঁর কিছু জানা ছিল না। অনুসন্ধানে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কয়েকজন কর্মকর্তা এখন বিলবোর্ড ব্যবসায় জড়িত। বড় অঙ্কের চুক্তিতে তাঁরা বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থাকে যেখানে সেখানে বিলবোর্ড স্থাপনের অনুমোদন দিচ্ছেন। এ ব্যাপারে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অনুমোদন নেওয়া দূরে থাক, তাদের জানানোর প্রয়োজনও অনুভব করছে না পুলিশ। উল্টো এসব অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করতে গেলে পুলিশ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ডিসিসিকে। ডিসিসি সূত্রে জানা গেছে, তেজগাঁও, গুলশান, শাহবাগ, রমনা ও ডেমরাসহ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পুলিশের বিপুলসংখ্যক বিলবোর্ড ভাড়া দেওয়া রয়েছে। এ ছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কদ্বীপগুলোতে পুলিশ বক্স তৈরির নামে বিলবোর্ড ব্যবসা ফেঁদেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর পেছনে রয়েছে বিপুল অর্থ বাণিজ্য। তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শহীদুল হক বলেন, ডিসিসিকে বিলবোর্ড উচ্ছেদ অভিযানে সহায়তা করতে পুলিশ সদা প্রস্তুত।