জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা সমিতির সদস্যদের অসহযোগ আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার জনসংহতি সমিতির তিন দিনব্যাপী ১০ম জাতীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সন্তু লারমা বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নের কর্মপরিকল্পনা ঘোষণা না করলে পূর্বঘোষণা অনুযায়ী ১ মে থেকে পার্বত্য চট্টগ্রামে অসহযোগ আন্দোলন শুরু করতে হবে। তিনি বলেন, পার্বত্য চুক্তির ১৭ বছর পার হলেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। চুক্তি বাস্তবায়নে সরকারের কাছে বারবার দাবি করা হলেও সরকার কর্ণপাত করছে না। বরং চুক্তিবিরোধী কাজ করছে।
জনসংহতি সমিতির প্রতিনিধিদের উদ্দেশে সন্তু লারমা বলেন, ‘৩০ নভেম্বর চুক্তি বাস্তবায়নে সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে। আমাদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে চুক্তি বাস্তবায়নে কর্মপরিকল্পনা ঘোষণা না করলে ১ মে থেকে অসহযোগ আন্দোলনের জন্য আপনাদের সবার প্রস্তুত থাকতে হবে।’