
২০১১ সাল। সড়ক দুর্ঘটনায় আহত আবদুর রশিদের শরীরে জরুরি অস্ত্রোপচার দরকার। টাকা জোগাতে হিমশিম খাচ্ছেন দরিদ্র বাবা আবু সাঈদ। এ সময় তাঁর হাতে পাঁচ হাজার টাকা পৌঁছে দিলেন গ্রামের কয়েকজন যুবক।
টাকা নিয়ে আবু সাঈদ ছুটলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। অস্ত্রোপচার হলো। পরে ছেলেকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরলেন তিনি। এভাবেই বিপদ-আপদে এলাকার লোকজনের পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’।
কাহিনিটি রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম হাসানপুরের। এখানকার গরিবদের এখন আর বিভিন্ন প্রয়োজনে এদিক-ওদিক ছুটতে হয় না। তাঁদের দুঃসময়ে এগিয়ে আসে স্থানীয় ১৪ যুবকের উদ্যোগে গড়ে ওঠা সংগঠন সেবা।
শুধু চিকিৎসা নয়, মেয়েদের বিয়েতে সহযোগিতা, শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ, ধর্মীয় উৎসবে দুস্থ ব্যক্তিদের নতুন পোশাক, খাবার বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন সেবার সদস্যরা। প্রায় পাঁচ বছর ধরে নিজেদের কষ্টের টাকায় এলাকার লোকজনের জন্য কাজ করে যাচ্ছেন সংগঠনটির সদস্যরা।
২০০৯ সালের মে মাস। হাসানপুর গ্রামের সোহেল রানা নামের এক তরুণ পুলিশ কনস্টেবলের চাকরি নেওয়ার পর ১০ দিনের ছুটিতে বাড়িতে আসেন। একদিন বিকেলে এলাকার ১৩ জন বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন। কথা হচ্ছিল গরিব, অসহায়-দুস্থদের নিয়ে। বিপদ-আপদে তাঁরা বিত্তবান লোকজন বা জনপ্রতিনিধিদের কাছে ধরনা দেন। তবু পর্যাপ্ত সহায়তা মেলে না। তাঁদের মুখ অনেকটা মলিনই থাকে। তাই ১৪ বন্ধু ঠিক করলেন স্বেচ্ছাসেবী সংগঠন করবেন। করলেনও তাই। ‘সেবা’ নাম দিয়ে শুরু করলেন নিজেদের ইচ্ছাপূরণের পথে যাত্রা। সংগঠনে কারও নির্দিষ্ট কোনো পদ নেই। সবাই সমান। তাঁরা সিদ্ধান্ত নিলেন, নিজেদের জমানো টাকা একজনের কাছে গচ্ছিত থাকবে। সংগঠনের প্রয়োজনে তাঁর কাছ থেকে নিয়ে খরচ করা হবে। এভাবেই চলছে তাঁদের কার্যক্রম।
হাসানপুর গ্রামের দিনমজুর রফিকুল ইসলাম বলেন, তাঁর মেয়ের বিয়ের সময় সেবার সদস্যরা এসে খরচের জন্য টাকা দিয়েছিলেন। সেই টাকায় বরযাত্রীদের আপ্যায়ন করিয়েছেন। গ্রামের মোহন্ত কুমার ও মঈনুল ইসলামও একই রকম কথা বলেন। বৃদ্ধ মিতালী রানী (৭২) বলেন, ‘গ্যেরামের ছেলেরা পূজার সময় নারকেল, গুড়, আটা ও নতুন কাপড় দিইয়্যা যায়।’
সম্প্রতি এক সকালে হাসানপুর স্কুলমাঠে গিয়ে শ তিনেক লোকের ভিড় দেখা যায়। তাঁদের সবার হাতে একটি করে কম্বল দিচ্ছিলেন সেবার সদস্যরা। সেখানেই কথা হয় সেবার সদস্য ও এলাকার লোকজনের সঙ্গে। স্থানীয় অনেকে জানান, মাদক, ধূমপান, বাল্যবিবাহের মতো কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নিয়মিত প্রচারণাও চালান সেবার সদস্যরা।
সেবার সদস্যরা হলেন হাসানপুর গ্রামের সোহেল রানা, মতিউল আলম, নাসির উদ্দিন, আবদুর রাজ্জাক, জামাল উদ্দিন, গোলাম রহমান, মনসুর রহমান, মোশাররফ হোসেন, শাহিনুর রহমান, ইয়াছিন আলী, বাবর আলী, রমেশ ভৌমিক, আবদুর রশিদ ও সোহরাব হোসেন। এর মধ্যে শাহিনুর দুই বছর আগে মারা গেছেন। সোহেল রানা বর্তমানে নাটোর পুলিশ লাইনে কর্মরত আছেন। অন্যরা পেশায় চাকরিজীবী, দিনমজুর, ছাত্র ও ক্ষুদ্র ব্যবসায়ী।
সোহেল রানা বলেন, বেতনের বড় একটা অংশ সংগঠনের জন্য ব্যয় করেন। ঈদ বোনাস ও যাতায়াত ভাতার টাকা রেখে দেন সংগঠনের তহবিলে। এলাকার লোকজনের পাশে দাঁড়াতে পারছেন—এটা অন্য রকম আনন্দের বলে মন্তব্য করেন তিনি। আর স্থানীয় সব দলের লোকজন তাঁদের সহযোগিতা ও উৎসাহ দেন। এ কারণে সংগঠনটি টিকিয়ে রাখা সম্ভব হয়েছে। বাবর আলী বলেন, তিনি দিনমজুরি করে যে টাকা পান, সেখান থেকে কিছু টাকা রেখে দেন সংগঠনের জন্য। পোশাকশ্রমিক জামাল উদ্দিন বলেন, প্রতি মাসে যে বেতন পান, সেখান থেকে কিছু টাকা রেখে দেন সেবার জন্য। দ্বীপপুর ইউনিয়ন পরিষদের টানা ছয়বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ বলেন, ‘যুবকেরা এলাকায় যে সেবামূলক কাজ করছেন, তা প্রশংসনীয় ও অনুকরণীয়।’
কলেজশিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, সংগঠনের সদস্যরা কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তাঁরা আছেন বলে এলাকার গরিব-অসহায় লোকদের বিপদ-আপদে খুব একটা ভাবতে হয় না।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেগম লাইজু রাজ্জাক বলেন, সেবার সদস্যদের মতো সমাজের অন্যরা এগিয়ে এলে গরিবের কষ্ট অনেক কমবে। তাদের (সেবা) নিবন্ধনের প্রয়োজন হলে তিনি সহযোগিতা করবেন।