অসহায় এক প্রিসাইডিং কর্মকর্তা
বেলা পৌনে দুইটা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ঢাকা সিটি কলেজ কেন্দ্র। একটি কক্ষেÿদেখা গেল, প্রকাশ্যেই কয়েকজন ব্যালট পেপারে সিল মারছেন। কয়েকটি কেন্দ্রে আবার ভোটগ্রহণ বন্ধ। প্রিসাইডিং কর্মকর্তাকেÿদেখা গেল অসহায়ভাবে তিনি বিভিন্ন নম্বরে ফোন করছেন।
প্রিসাইডিং কর্মকর্তার নাম এ জি এম সফিকুর রহমান। তাঁর সামনেই বসলাম। তিনি তখনো ব্যস্ত মুঠোফোনে। বেশ কয়েক বার চেষ্টার পর মুঠোফোনে কোনো এক কর্মকর্তাকে পেলেন। তাঁকে সরাসরি বলেন, ‘আমি ২৬৪ নম্বর কেন্দ্র থেকে বলছি। এই কেন্দ্রে বিশৃঙ্খলা চলছে। বাইরের লোকজন এসে ব্যালট পেপার নিয়ে যেতে চাইছে। পুলিশ এদিক-সেদিক ঘোরাঘুরি করে। কিছু একটা করেন।’
সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলেও তিনি কোনো কথাই বললেন না। তিনি অস্থিরভাবে পায়চারি করছেন। কিছুক্ষণ পর দেখা গেল, নূর নামের এক পুলিশ কর্মকর্তা মুঠোফোন নিয়ে প্রিসাইডিং কর্মকর্তার কাছে এলেন। এরপর ওই পুলিশ কর্মকর্তা মুঠোফোনটি প্রিসাইডিং কর্মকর্তার কক্ষের সামনে থাকা আরেক লোককে দিলেন। কোনো পরিচয়পত্র না ঝোলানো লোকটি সেই ফোন ধরে বলেন, ‘ওসি সাহেব, কোনো সমস্যা নাই। সব ঠিক আছে’। এরপর ওই পুলিশ কর্মকর্তা চলে গেলেন। সব আগের মতোই চলতে থাকে। অসহায় প্রিসাইডিং কর্মকর্তা অস্থিরভাবে হাঁটছেন তখনো। কথা বলতে গেলে কোনো কিছু না বলেই এড়িয়ে গেলেন। বললেন, যা বোঝার বুঝে নেন।
পুলিশকে যে লোকটি আশ্বস্ত করেছিলেন, এবার তিনি এগিয়ে এলেন আমার দিকে। পরিচয় জানতে চাইলেন। সাংবাদিক শুনে বললেন, ‘আপনারা আর কী লিখবেন? বিএনপি তো নির্বাচন বর্জন করে চলে গেল। তাও ঠিকমতো লেইখেন। নেতিবাচক কথা আর কত লিখবেন? ’
পরিচয় জানতে চাইলে লোকটি বললেন তাঁর নাম এ এম কামাল। তিনি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন। তিনি বললেন, ‘এই কেন্দ্রে সকাল বেলা প্রধানমন্ত্রী ভোট দিয়ে গেছেন। পরিবেশ খুব ভালো ছিল। কিন্তু বিএনপি নির্বাচন বর্জন করে পুরো ভোটের পরিবেশ নষ্ট করে দিয়ে গেল। আমরা চাইলে তো পুরো কেন্দ্রই দখল করে ফেলতে পারতাম। কিন্তু করছি না।’
বিএনপি এভাবে ভোট বর্জন করায় তো দেশের পরিবেশ আরও খারাপ হবে। আবার হরতাল-অবরোধ হতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার আর দাঁড়াতে দেব না। আগে ৯০ দিন করছে। এবার আর করতে দেব না।’
এই কেন্দ্রের মোট ভোটার দুই হাজার ৩৮৩। কত ভোট পড়েছে, জানতে চাইলে এ এম কামাল বলেন, ‘৪০ থেকে ৪৫ শতাংশ ভোট পড়ছে। বিএনপি বর্জন করার পর আর কারও ভোট নিয়ে উৎসাহ নেই।’
কথা বলে যখন বেরিয়ে আসছি, তখনো ওই কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি। কয়েকটি কেন্দ্রে ÿব্যালট পেপার নেই বলে ভোটগ্রহণ হচ্ছে না। প্রিসাইডিং কর্মকর্তার খোঁজ করে জানতে পারলাম তিনি নামাজ আদায়ে গেছেন।