অসহায় চিকিৎসক
‘তিন বছর ধরে আমার কাজ হলো হাজিরা দিয়ে অলস সময় কাটানো। কোনো দন্তরোগী চিকিৎসা নিতে এলে মৌখিক পরামর্শ দিয়ে তাঁকে কুমিল্লায় রেফার করা। দরিদ্র রোগীদের অসহায়ত্ব দেখে নিজের অসহায়ত্ব প্রকাশ করা।’ একটি ডেন্টাল চেয়ারের অভাবে দন্তরোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে না পারা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন আরিফুর রহমান কথাগুলো বলছিলেন। উপজেলার আড়াই লাখ মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালের ওপর নির্ভরশীল। আরিফুর রহমান জানান, ২০০৭ সালের জুলাই মাসে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। যোগদানের পর তিনি জানতে পারেন এখানে দাঁতের চিকিৎসা সেবা দেওয়ার জন্য কোনো ডেন্টাল চেয়ার নেই। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে সিভিল সার্জনকে এ বিষয়ে একাধিকবার জানানো হলেও আজ পর্যন্ত ডেন্টাল চেয়ার বরাদ্দ পাওয়া যায়নি। তিনি আরও জানান, ডেন্টাল চেয়ার ছাড়া দন্তরোগীদের চিকিৎসা দেওয়া যায় না। তাই কোনো রোগী এলে পরামর্শ দেওয়া ছাড়া তার কিছুই করার থাকে না। ডেন্টাল চেয়ার না থাকায় সার্জিক্যাল সমস্যা নিয়ে কোনো রোগী হাসপাতালে এলে তাঁকে দ্রুত কুমিল্লায় রেফার করতে হয়। এ অবস্থায় দরিদ্র রোগীরা খুব সমস্যায় পড়েন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, হাসপাতালে ডেন্টাল চেয়ার না থাকায় দন্তরোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই চেয়ারের জন্য সিভিল সার্জনের কার্যালয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে। সিভিল সার্জন আবদুল মতিন পাটোয়ারী বলেন, চেয়ার বরাদ্দের জন্য ঢাকায় কেন্দ্রীয় মেডিকেল স্টোরে চাহিদাপত্র দেওয়া হয়েছে।