অসহায় নবজাতকের পাশে ঢাকা মেডিকেলের স্ক্যাবু

ঠোঁট ও নাকের বেশ খানিকটা অংশ কুকুরে খেয়ে ফেলেছে। দুটো আঙুলের মাথাও গেছে কুকুরের পেটে। পথে পাওয়া এই নবজাতকের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজের নবজাতক ইউনিটের স্ক্যাবুতে। নবজাতকের বিশেষায়িত সেবার কেন্দ্র এই স্ক্যাবু বা স্পেশাল কেয়ার বেবি ইউনিট।
আজ বৃহস্পতিবার এই মেয়ে নবজাতকটির বয়স হয়েছে ১০ দিন। ১৫ সেপ্টেম্বর রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার পুরোনো বিমানবন্দরসংলগ্ন রানওয়ে মাঠে ফুটবল খেলার সময় ১১ বছরের সাব্বির ও তার বন্ধুরা চার-পাঁচটি কুকুরের সামনে থেকে উদ্ধার করে ওই নবজাতককে। পরে সাব্বিরের মা জাহানারা বেগম ওকে নবজাতক বিভাগে নিয়ে আসেন।
গতকাল বুধবার বিশেষ অনুমতি নিয়ে স্ক্যাবুতে গিয়ে দেখা যায়, সাদা পর্দা দিয়ে অন্যদের থেকে একটু আড়াল করে রাখা হয়েছে নবজাতকটিকে। জ্যেষ্ঠ নার্স জয়ন্তী খাগড়া বললেন, ‘একটু আগে ঠোঁটের ফাঁক দিয়ে একটু খাইয়ে দিয়েছি। পেট ভরা থাকলে ঘুমায়।’ নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক মো. আবিদ হোসেন মোল্লা নবজাতকের কাছে গিয়ে বললেন, ‘কি রে মা...।’ ও কী বুঝল কে জানে, কিছুক্ষণ অসহায়ের মতো তাকিয়ে থাকল।
চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলার সময় মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স মহসীন মিয়াকে সেখানে দেখা গেল। তিনি এসেছিলেন নবজাতকটিকে জলাতঙ্ক রোগের ইনজেকশন দিতে। এর আগে এসেছিলেন ঢাকা মেডিকেলের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ।
এই স্ক্যাবুতেই চিকিৎসা হয় সুরাইয়ার। মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় গত ২৩ জুলাই ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন (৩৫) তলপেটে গুলিবিদ্ধ হয়েছিলেন। তারপর সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি গুলিবিদ্ধ কন্যাশিশুর জন্ম দেন। ওই নবজাতকের নাম রাখা হয় সুরাইয়া। সুরাইয়া স্ক্যাবুতে ‘৩০ নম্বর বেড’-এ চিকিৎসাধীন ছিল ২৬ দিন। হাসিমুখে হাসপাতাল ছেড়েছিলেন মা ও সুরাইয়া।
স্ক্যাবুর ছোট ছোট বিছানায় লাল, নীল, কমলা রঙের কম্বলে মুড়ে একেকজন নবজাতককে রাখা হয়েছে। কেউ কাঁদছে, কেউ ঘুমাচ্ছে। কারও শরীরের বিভিন্ন জায়গায় নলসহ বিভিন্ন যন্ত্রপাতি লাগানো। প্রত্যেকেই আছে নার্স ও চিকিৎসকদের সতর্ক নজরদারিতে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কম জন্ম-ওজন, জন্মের সময় শ্বাস-প্রশ্বাসের জটিলতা বা জন্মের সময় অন্য কোনো ত্রুটি আছে এমন নবজাতকের চিকিৎসা হয় স্ক্যাবুতে। এখানে একসঙ্গে ৪০ জনের চিকিৎসা দেওয়ার আয়োজন আছে। গতকাল ছিল ৩৭ জন। অধিকাংশের জন্মের সময় ওজন ছিল কম। দুই জোড়া যমজ ছিল। জায়গার অভাবে নবজাতকের পাশে মায়েদের থাকার ব্যবস্থা করা যায়নি।
এখানে চিকিৎসক আছেন আটজন। এঁরা প্রত্যেকেই বিশেষ প্রশিক্ষণ পাওয়া। আর নার্স আছেন ১৯ জন, তাঁদেরও রয়েছে বিশেষ প্রশিক্ষণ। তবে কোনো যন্ত্রপাতি নষ্ট হলে বা তা ঠিকমতো কাজ করছে কি না, তা দেখার জন্য হাসপাতালের নিজস্ব বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লোকবল আরও বাড়ানো দরকার।
সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা স্ক্যাবুর জন্য ভেনটিলেটর, এলইডি ফটো থেরাপি, ইনকিউবেটর, সিরিঞ্জ পাম্প, সিপিএপি মেশিন, গরম করার মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সহায়তা করেন বলে জানা গেছে।
এখানে শুধু উচ্চ মানের চিকিৎসা সেবাই পাওয়া যায় তা নয়, এখানে খরচও নামমাত্র। আবিদ হোসেন মোল্লা বলেন, ‘শুধু ভেনটিলেশন সেবা পেতেই বেসরকারি হাসপাতালে দিনে ২০ থেকে ৩০ হাজার টাকা লাগে। কিন্তু এখানে মাত্র ১০ টাকা দিয়ে টিকিট কেটে প্রায় বিনা মূল্যে সব ধরনের চিকিৎসা পাচ্ছে নবজাতকেরা। আমাদের যা আছে তাই দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছি।’