অসহায় নারীদের টাকা নিয়ে প্রশিক্ষক উধাও
পাওনা টাকা আদায়ে সুবিধাবঞ্চিত অসহায় নারীরা গত বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় ঘেরাও করেছেন। তাঁরা উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচিও পালন করেন। ভুক্তভোগী নারীরা অভিযোগ করেন, সুবিধাবঞ্চিত তিন শতাধিক নারীকে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের কারিগরি বিভাগের প্রশিক্ষক মাহমুদা খাতুন। এরপর কয়েক মাস ধরে তাঁর কার্যালয় ছেড়ে উধাও হয়েছেন।ক্ষতিগ্রস্ত নারীরা আরও অভিযোগ করেন, অর্থ আত্মসাতের কাজে মাহমুদাকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সহিদুল্লা সহযোগিতা করেছেন। এর প্রতিবাদে তাঁরা গতকাল মানববন্ধন করাসহ সমাজসেবা কার্যালয় ঘেরাও করেন। ভুক্তভোগীদের কয়েকজন জানান, মাহমুদা খাতুন তাঁদের বিভিন্ন ভাতা ও ঋণ দেওয়ার কথা বলে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে নিয়েছেন। এ ছাড়া ধারের নাম করে নিয়েছেন আরও কয়েক লাখ টাকা। বিভিন্নভাবে নেওয়া এ টাকার পরিমাণ ৪০ লাখের মতো। এ নিয়ে একাধিক দেনদরবার করেও কোনো কাজ না হওয়ায় নিরুপায় হয়ে তাঁরা প্রশিক্ষক মাহমুদার বিরুদ্ধে রমজান মাসে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দেন। এরপর পুলিশের হস্তক্ষেপে মাহমুদা খাতুন টাকা দেওয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেই গা ঢাকা দেন। কয়েক মাস ধরে তাঁকে আর তাঁর কর্মস্থলে পাওয়া যাচ্ছে না। কাছিয়াড়া গ্রামের বিউটি রানী ও ফাতেমা বেগম জানান, বিভিন্ন মোবাইল নম্বর থেকে মাহমুদা খাতুন এখন তাঁদের হুমকি-ধমকি দিচ্ছেন। সমাজসেবা কর্মকর্তা ও প্রশিক্ষকের বিরুদ্ধে ইউএনও এবং জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। কড়ইতলী গ্রামের ফাতেমা বেগম বলেন, ‘আমার কাছ থেকে নেওয়া ১০ হাজার টাকা চাইতে গেলে প্রশিক্ষক মাহমুদা বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছেন। টাকা না পেয়ে স্বামীর সঙ্গে এখন আমার অশান্তি লেগেই আছে।’ সমাজসেবা কর্মকর্তা সহিদুল্লা বুধবার মুঠোফোনে বলেন, ‘প্রশিক্ষক মাহমুদা ভাতা দেওয়ার নাম করে কার কাছ থেকে কত নিয়েছেন, তা আমার জানা নেই। এর সঙ্গে আমি জড়িতও নয়।’ তবে অসহায় নারীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেন তিনি। সমাজসেবা কর্মকর্তা আরও বলেন, ‘মাহমুদার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে আমি সমাজসেবা অধিদপ্তরে প্রতিবেদন দিয়েছি। এ বিষয়ে কেন তদন্ত শুরু হচ্ছে না, তা আমার জানা নেই।’ প্রশিক্ষক মাহমুদার দুটি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।