অসহায় নারীর পাশে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ​সাধীন নারী l ছবি: সংগৃহীত
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ​সাধীন নারী l ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ময়লা-আবর্জনার স্তূপের মধ্যে পড়েছিলেন এক মানসিক প্রতিবন্ধী নারী। গত বৃহস্পতিবার ভোরে সাহায্যের জন্য অনুরোধ করছিলেন তিনি। এ সময় টহল পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়নি। এতে এক পুলিশ কর্মকর্তার খুব খারাপ লাগে। পরে তিনি ওই নারীর সেবায় এগিয়ে আসেন।
সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার ভোরে টহল দেওয়ার সময় আবর্জনার স্তূপ থেকে তিনি অজ্ঞাতনামা ওই নারীকে (৪৫) উদ্ধার করেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু পুলিশ চলে আসার পর কর্তব্যরত চিকিৎসক ও সেবিকারা ওই নারীকে কোনো চিকিৎসা না দিয়ে ওয়ার্ডের মেঝেতে ফেলে রাখেন। পরে তিনি ওই নারীকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তাঁর পরীক্ষা-নিরীক্ষাসহ যাবতীয় চিকিৎসার ব্যয় বহন করেন। সেখান থেকে গত সোমবার রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে আসেন। ওই নারী শুধু তাঁর স্বামীর নাম আমজাদ ও ছেলের নামনাছির বলতে পারেন। কোনো ঠিকানা বলতে পারেন না।

আবুল কালাম আরও বলেন, ‘মলমূত্রে ওই নারীর শরীর নোংরা ছিল। হয়তো এ কারণে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়নি। বিষয়টি আমার খুব খারাপ লাগে। আমার মায়ের কথা মনে পড়ে। পরে অসহায় ওই নারীর পাশে দাঁড়াই। তাঁর একটি হাত ভাঙা। এ কারণে তাঁকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুটি নিয়ে আমি এখন তাঁর পাশে আছি।’

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফোরকান শিকদার বলেন, পুলিশ বাহিনীতেও সহৃদয়, সৎ ও নিষ্ঠাবান অনেক কর্মকর্তা আছেন। এটি একটি উদাহরণ মাত্র। জেলা পুলিশের পক্ষ থেকে ওই নারীকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।