অসহায় পরিবারগুলোর মানবেতর জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচগাঁও গ্রামের শান্তা বেগমের স্বামী ঢাকার সদরঘাট এলাকায় চা বিক্রি করে সংসার চালাতেন। বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে লঞ্চ দুর্ঘটনায় তিনি মারা যান। এখন চার শিশুসন্তান নিয়ে খেয়ে না-খেয়ে দিনাতিপাত করছেন শান্তা।২০১২ সালের ১২ মার্চ ঢাকা-শরীয়তপুর নৌপথের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরযাত্রা এলাকায় মেঘনা নদীতে শরীয়তপুর-১ লঞ্চটি ডুবে যায়। ওই দুর্ঘটনার পর ১৪৭ জনের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের বেশির ভাগেরই বাড়ি শরীয়তপুরে। দুর্ঘটনায় হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ায় বেশ কিছু পরিবারের সদস্যরা শান্তার মতো মানবেতর জীবন যাপন করছেন।সুরেশ্বর গ্রামের ছাদেক মৃধা শরীয়তপুর-১ লঞ্চের চালক ছিলেন। দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানসহ তিনি মারা যান। বেঁচে থাকে শুধু তাঁর দুই ছেলে রাসেল ও রুবেল। ছাদেক মৃধার শাশুড়ি রসমালা বেগম বলেন, জামাতা ও মেয়েসহ দুই নাতির মৃত্যুর পর তাঁর অপর দুই নাতি রাসেল ও রুবেলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। তারা এখন ঢাকায় দিনমজুরির কাজ করে। শরীয়তপুরের জেলা প্রশাসক রামচন্দ্র দাস জানান, মর্মান্তিক ওই লঞ্চ দুর্ঘটনায় অনেক মানুষের ক্ষতি হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অসহায়ত্বের বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে তিনি সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করবেন।