অসহায় পরিবারটির গল্প শুনুন
দুধের কৌটা কিনে দিয়েছেন প্রতিবেশী চান মিয়ার স্ত্রী সখিনা বেগম (৫০)। আর দুধ খাওয়ার বোতল কিনে দিয়েছেন আরেক প্রতিবেশী জমিরন (৪৫)। তা দিয়েই দুই বছরের শিশুপুত্র ফরহাদের দিন চলে যাচ্ছে। বাড়িতে থাকা স্ত্রী নুরজাহান, মা কমলা বেওয়া এবং মেয়ে ফারজানার দিন কাটছে অন্যের বাড়ির রান্না করা ভাত-তরকারি দিয়ে। সত্যিই অসহায় মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের অসহায় ভ্যানচালক ফারুকের পরিবার। ৪ মে মঙ্গলবার সকালে মির্জাপুর উপজেলার চড়পাড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঢাকার রমনা থানার নয়াটোলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ মো. মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়। ওই দিন মির্জাপুর থেকে ভ্যান নিয়ে ফেরার পথে মহাসড়কের দেওহাটা থেকে পুলিশ কর্মকর্তা মিজানুরের মুঠোফোন কুড়িয়ে পায় ফারুক। রাতে একটি ফোন রিসিভ করার কিছুক্ষণ পরই মির্জাপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার মীর দেওহাটা গ্রামে গিয়ে জানা যায়, গ্রেপ্তারের পর ফারুকের বাড়িতে এখনো চুলা জ্বলেনি। ভাত-তরকারিসহ সব খাবার দিয়ে প্রতিবেশীরা সহায়তা করছে পরিবারটিকে। পুলিশ রিমান্ড শেষে গত শুক্রবার ফারুককে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়। মির্জাপুর থেকে টাঙ্গাইলের বাস ভাড়া ও জেলখানার টিকিট কাটা বাবদ মাত্র ৬২ টাকার জন্য স্ত্রী, মা কেউই ফারুককে দেখতে যেতে পারেননি। এদিকে ফারুকের স্ত্রী, মা ও প্রতিবেশীরা জানান, গ্রেপ্তারের পর ফারুকের হাতে ও পায়ে লাঠি পেটানো হয়। প্রচণ্ড ব্যথা পাওয়ায় শরীরে ইনজেকশনও দেওয়া হয়। মির্জাপুর থানা হাজতে থাকা অবস্থায় ফারুক তাঁদের ওই কথা জানান। মীর দেওহাটা গ্রামের বাসিন্দা সুজন মিয়া (২৮) বলেন, কেউ যদি কোনো হত্যার সঙ্গে জড়িত থাকে, তবে কি সে নিহত ব্যক্তির সিম ব্যবহার করবে? এ প্রশ্নটিও কারও মনে জাগেনি। প্রতিবেশী বালু ব্যবসায়ী আবদুল কুদ্দুছ (৫০) জানান, প্রায় পাঁচ বছর আগে ফারুক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভ্যান চালানোর সময় সড়ক দুর্ঘটনায় আহত হলে তার ডান পা ভেঙে যায়। সে সময় এলাকাবাসী তাকে সহায়তা করলে সে সুস্থ হয়ে ওঠে। এখন তার হেপাটাইটিস বি (জন্ডিস) রয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাছান বলেন, হত্যাকাণ্ডে ফারুকের সম্পৃক্ততা না পেলে অভিযোগপত্র তৈরির সময় তাঁর নাম বাদ দেওয়া হবে।