অসহায় মা ও সন্তানের এক আশ্রয়কেন্দ্র
১৫ বা ১৬ বছর বয়সী কিশোরী তার আট দিন বয়সী সন্তানকে আদর করছিল। এই কিশোরী গণধর্ষণের শিকার। সে প্রাণে বেঁচে গেছে। দুর্বৃত্তরা ১৫ দিন আটকে রাখার পর তাকে ছেড়ে দেয়। কিন্তু পেটে সন্তান আসার পর তার পরিবার দিশেহারা হয়ে পড়ে। সন্তানসহ এই মেয়েকে নিয়ে সমাজে টেকা দায়। তাই ফরিদপুরের এই কিশোরী এখন আছে রাজধানীতে বেসরকারি সংগঠন ‘হোপ ফর দ্য ডেস্টিটিউট উইমেন অ্যান্ড চিলড্রেন’-এর কার্যালয়ে। এখানেই তার সন্তানের জন্ম। এখন এই সন্তানকে পালক নিতে আগ্রহী এবং উপযুক্ত একটি পরিবারের হাতে তুলে দেওয়ার অপেক্ষা। তারপর কিশোরী আবার ফিরে যাবে তার পরিবারের কাছে।
মোহাম্মদপুরের শেখেরটেকে এ সংগঠন ধর্ষণসহ বিভিন্ন কারণে বিয়ের আগে অন্তঃসত্ত্বা কিশোরী ও নারীর জন্য সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে কাজ করছে। অনেক সময় বিয়ের পর স্বামী ও স্বামীর পরিবারের অত্যাচারে টিকতে না পেরেও নিরাপদ প্রসবের জন্য এই কেন্দ্রকে বেছে নেন অনেকে। যে মায়েরা সন্তান নিয়ে বাড়ি ফিরতে চান, তাঁরা সন্তান নিয়ে ফেরেন। আর যাঁদের সে উপায় নেই তাঁরা সন্তানকে রেখে যান। সংগঠনের পক্ষ থেকে উপযুক্ত পরিবারের কাছে আদালতের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় ওই সন্তানকে পালক দেওয়া হয়। তার আগ পর্যন্ত পালক নিতে আগ্রহী ওই পরিবারকে সংগঠনের নজরদারির মধ্যে রাখা হয়। সংগঠনের পক্ষ থেকে আদালতে হাজিরা দেওয়া, শিশুর সংশ্লিষ্ট কাগজপত্র সরবরাহ করা হয়। কোনো ধরনের টাকাপয়সার লেনদেনের সুযোগ নেই বলে সংগঠনে কর্মরত ব্যক্তিরা জানালেন।
২০১১ সাল থেকে এই সংগঠনটি অসহায় নারী ও শিশুর পুনর্বাসনে কাজ করছে। গত বছর নয়টি শিশুকে নয়টি পরিবার পালক হিসেবে নিয়েছে।
গতকাল রোববার এখানে একজন রোহিঙ্গা নারীসহ মোট সাতজন নারী ছিলেন। রোহিঙ্গা নারীর বাড়ি টেকনাফে। ঘটনাচক্রে এক বাঙালি পুরুষ বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে ধর্ষণ করেন। পেটে সন্তান আসার পর ওই পুরুষের আর পাত্তা নেই। টেকনাফে কাজ করা এক সংগঠনের মাধ্যমে তিনি এখানে আশ্রয় পান। এখন এই নারী একটু একটু বাংলা বলতে পারেন।
মেঝেতে তোশক পাতা এক বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে ছিল এক মানসিক প্রতিবন্ধী কিশোরী। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবার এখানে রেখে গেছে। এখানে থাকা নারী ও কিশোরীর একেক জনের জীবনের গল্প একেক রকম। একেকজন কমপক্ষে ছয় মাস এখানে থাকা, খাওয়া, চিকিৎসার সুযোগ পান।
এখানে এই নারীদের পাশাপাশি একটি তলায় শিশু দিবাযত্ন কেন্দ্র রয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের আগ পর্যন্ত শিশুদের এ কেন্দ্রে রাখা হয়। দেখা গেল একটি কাঠের কটে তিন মাসের এক শিশু ঘুমাচ্ছে। এ ছাড়া যে মায়েরা মানুষের বাড়িতে ছুটা বুয়ার কাজ করেন বা পোশাকশিল্পে কাজ করেন, ওই মায়েরাও মাসিক ৫০০ টাকা দিয়ে সন্তানকে এই কেন্দ্রে রাখার সুযোগ পাচ্ছেন।
সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা চিকিৎসক দিলরুবা প্রথম আলোকে বলেন, সমাজসেবা অধিদপ্তর, পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারিতে সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। দাতাগোষ্ঠীর সহায়তা বন্ধ দীর্ঘদিন ধরে। মানুষের কাছে চেয়ে চেয়ে মাস পার করতে হচ্ছে। মাসে খরচ তিন লাখ টাকার বেশি। এখন অর্থসংকট প্রচণ্ড। আগামী দুই মাসও সংগঠন পরিচালনা করা সম্ভব কি না, তা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে।