অসহায় মানুষকে চাল দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম এলাকায় খাদ্যসংকটে পড়া অসহায় মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি সংগঠন। আজ সোমবার ইউনিয়নের মাচালং এলাকায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ করা ৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, গত ২৫ এপ্রিল রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৫ মেট্রিক টন চাল জরুরি ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া বেসরকারিভাবে খাগড়াছড়ি কার্বারি (পাড়াপ্রধান) সমিতি, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত শিক্ষার্থীরা ও ভিক্ষু সংঘের উদ্যোগেও সাজেকের দুর্গম এলাকায় ত্রাণসহায়তা করার জন্য ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছেন।

বাঘাইছড়ি উপজেলার সাজেক, বঙ্গলতলি, মারিশ্যা, বাঘাইছড়ি ও সারোয়াতলি ইউনিয়নে দুর্গম গ্রামগুলোতে খাদ্যসংকট চলছে। দুর্গম এলাকার গ্রামের মানুষের একমাত্র আয়ের উৎস জুমের ফসল (ধান)। দুর্গম এলাকায় ফল উৎপাদন করা হলেও পরিবহনব্যবস্থা না থাকায় তা বাগানেই নষ্ট হয়ে যায়। উপজেলা সদর থেকে ৩০ থেকে ৯০ কিলোমিটার দূরে এসব গ্রাম। দুর্গম গ্রামগুলোতে রাস্তা নেই, তাই যানবাহনও চলে না। হাঁটা ছাড়া অন্য কোনো উপায় নেই।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলশন চাকমা বলেন, খাদ্যসংকটের খবর পত্রিকায় প্রকাশের পর বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এগিয়ে আসছে। জেলা প্রশাসক, পার্বত্য মন্ত্রণালয়, সেনাবাহিনী ও বিভিন্ন বেসরকারি সংস্থা খাদ্যসংকট এলাকায় চাল দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইউনিয়নের পক্ষ থেকে পরিবারের তালিকা করা হচ্ছে।

উপজেলার বাঘাইহাট সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. ইসমাইল হোসেন খান প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যসংকট এলাকা চিহ্নিত করে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ থেকে নামের তালিকা চাওয়া হয়েছে। সাজেক ইউনিয়নের দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে চাল বিতরণ করা হবে। যাতে অভাবী মানুষের কষ্ট না হয়।

গত ২৩ এপ্রিল ‘বাঘাইছড়ির দুর্গম গ্রামে খাদ্যসংকট’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশ করা হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, দুর্গম এলাকায় খাদ্যসংকট মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

খাদ্যসংকটের কারণ নিয়ে সাজেক ইউনিয়নের ব্যাটলিং গ্রামের সুরেন্দ্র ত্রিপুরা (৭০) ও নিউতাংনাং গ্রামের নীল রতন চাকমা (৬৫) বলেন, ৩০ বছর আগে এক আড়ি (১০ কেজি) ধান বপন করে ১৫০ থেকে ১৬০ আড়ি (প্রায় ৪০ মণ) ধান পাওয়া যেত। এখন এক আড়ি ধান জুমে বপন করলে মাত্র ৭ থেকে ১০ মণ ধান পাওয়া যাচ্ছে। যে ধান পাওয়া যায় তাতে খরচও ওঠে না। আগে এক বছরের ধান দিয়ে দুই বছর চলত। এখন এক বছরের ধান দিয়ে ছয় মাসও যাচ্ছে না। তাঁরা বলেন, দুর্গম এলাকায় স্থানীয়ভাবে উৎপাদিত ফসল দিয়ে চলতে হয়। কারণ, বাইরে থেকে খাদ্য সরবরাহ করতে গেলে চার গুণ বেশি খরচ পড়ে। উপজেলা সদরে আসা-যাওয়ায় চার দিনেরও বেশি সময় ব্যয় হয়।

সাজেক ইউনিয়নের খাদ্যসংকটে পড়া গ্রামের মধ্যে ব্যাটলিং মৌজায় রয়েছে ১৮টি গ্রাম, তুইছুই মৌজায় ১৫টি, শিয়ালদাই মৌজায় ১০টি, নিউলংকর মৌজার ৭টি ও লংকর মৌজার ৮টি গ্রাম। এ ছাড়া, বাঘাইছড়ি ইউনিয়নে হালিমপুর, লুমপাড়া, মিলনপুর, পূর্বগবছড়ি, হলুদ হদা, পদাছড়া, ঝরঝড়ি ছড়াসহ ওই ইউনিয়নে ২০টি গ্রামে খাদ্যসংকট রয়েছে। এ গ্রামগুলো উপজেলা সদর থেকে ৪০ থেকে ৮০ কিলোমিটার দূরে।

এদিকে বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল বিহারী চাকমা বলেন, তাঁর ইউনিয়নের ২০ গ্রামে তিন শতাধিক পরিবার খাদ্যসংকটে ভুগছে। এখন পর্যন্ত বঙ্গলতলি, মারিশ্যা, সারোয়াতলি ও বাঘাইছড়ি ইউনিয়নের দুর্গম গ্রামের খাদ্যসংকটে পড়া মানুষকে চাল দেওয়া হয়নি। শুধু সাজেক ইউনিয়নের দুর্গম গ্রামে চাল বিতরণ করা হচ্ছে।

বাঘাইছড়ি ইউনিয়নের ডমলনপুর গ্রামের বাত্য চাকমা (৭২) বলেন, দুর্গম এলাকার জুমিয়ারা শুধু জুমের উৎপাদিত ধানের ওপর নির্ভরশীল। পাহাড়ি এলাকায় দিন দিন বন ধ্বংস হয়ে যাচ্ছে। বনের পরিমাণ কমে যাওয়ায় মাটির উর্বরতা শক্তি হ্রাস পেয়েছে। বন ও মাটির উর্বরতা শক্তি কমে যাওয়ায় জুমের ফসল উৎপাদন কমে গেছে। এ কারণে দুর্গম এলাকায় বছরে প্রায় পাঁচ মাস (মার্চ থেকে জুলাই) খাদ্যসংকট দেখা দেয়।