ব্রহ্মপুত্র নদের ভাঙনে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের তিনটি গ্রাম ছিন্নভিন্ন হয়ে গেছে। গত কয়েক বছরে এ তিন গ্রামের ৮০০ পরিবার ভিটেমাটি এবং কয়েক শ একর ফসলি জমি হারিয়েছে।এখনো এখানে চার কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। ভাঙনকবলিত গ্রামগুলো হচ্ছে ঘনশ্যামপুর, চর পার্বতীপুর ও আরাজি কদমতলা। এ পর্যন্ত রাস্তাঘাট, সেতু-কালভার্ট, বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদ ও মাদ্রাসা বিলীন হওয়ার উপক্রম হয়েছে। কয়েক হাজার গাছ কেটে ফেলা হয়েছে।গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ওই তিন গ্রামে যাওয়ার প্রধান সড়কটি ইতিমধ্যে নদে চলে গেছে। অবশিষ্ট সামান্য অংশে থাকা সেতু ও কালভার্ট ভেঙে ফেলা হচ্ছে।কিছু দূরেই চর যাত্রাপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন এবং পাশে পাকা কমিউনিটি ক্লিনিকের ভবন ভেঙে ফেলা হচ্ছে। নদ এসে বিদ্যালয়ের ঠেকেছে। ভেঙে যাওয়া সময়ের ব্যাপারমাত্র।বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলে, ‘স্কুল ভাঙার নাগছে, তাই এক মাস থাকি ক্লাস হয় না।’ প্রধান শিক্ষক বিমল চন্দ্র সরকার বলেন, ‘গত বছর ডিসেম্বরে ২২ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়। চলতি জুলাই মাসে ভেঙে ফেলা হবে। বিদ্যালয়ের ভবন না থাকায় ক্লাস হচ্ছে না। তবে বিকল্প জায়গা খুঁজছি।’ব্রহ্মপুত্রের পাড়ে দাঁড়িয়ে ভাঙনের তাণ্ডব দেখছিলেন ঘনশ্যামপুরের নায়েব আলী মুন্সি (৮০)। কিছুদিন আগেও তিনি ছিলেন বড় গৃহস্থ। এখন নিঃস্ব। দুই দিন আগে তিনি অন্যের জায়গায় একটা চালা তুলেছেন। থাকার উপযোগী হয়নি। অন্যের ঘরে থাকছেন।পাশে দাঁড়ানো আ. ছালাম বলেন, ‘শুধু আমার নয়, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানসহ অসংখ্য পরিবার বাড়ি সরিয়ে নিচ্ছে।’নদের পাড় থেকে সামান্য দূরেই একটি বন্যা আশ্রয়কেন্দ্র। সেখানে গাদাগাদি করে উঠেছে ভাঙনকবলিত ৩০টি পরিবার। তাদের মধ্যে গাজীউর রহমান (৪৫), আমিন উদ্দিন (৪৮), সাহেব আলী (৩৪) ও বিটল মামুদ বলেন, ‘তিন বছর আগে প্রথম সামান্য ভাঙন শুরু হয়। পাউবোকে জানিয়েছিলাম, তারা আসেনি। সে সময় ব্যবস্থা নিলে এত বড় ক্ষতি হতো না। গত তিন বছরে ৮০০ পরিবার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে।’পাউবোর কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এনায়েত উল্ল্যা বলেন, ‘ভাঙন রোধে ব্যবস্থা নিতে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাদ্দ এলে কাজ করতে পারব।