অসহায় মানুষের পাশে চট্টগ্রাম সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে গতকাল অসহায় মানুষের মধ্যে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়। নগরের চকবাজার এলাকায় কিশলয় কমিউনিটি সেন্টার থেকে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে গতকাল অসহায় মানুষের মধ্যে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়। নগরের চকবাজার এলাকায় কিশলয় কমিউনিটি সেন্টার থেকে তোলা ছবি l প্রথম আলো

সবজি বিক্রি করে চারজনের সংসার চালাতে হিমশিম খেতে হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছামতী গ্রামের বাসিন্দা দৌলত শরীফকে। অন্যদিকে স্বজনের সহায়তা আর বড় মেয়ের টিউশনির টাকা দিয়ে কোনো রকম সংসার চালান সাতকানিয়ার আঞ্জুমান আরা। দুজনের সংসারে অভাব যেন নিত্যসঙ্গী।
আঞ্জুমান আরা ও দৌলত শরীফের মতো ১৪০ পরিবারের অভাব দূর করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সমিতি, ঢাকা। তাঁদের জীবনে সচ্ছলতা আনার জন্য সমিতির ‘স্বনির্ভর’ প্রকল্প থেকে ৭০ জনকে ভ্যান এবং ৭০ জনকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে ভ্যান ও সেলাই মেশিনের বরাদ্দপত্র তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে সহায়তা পাওয়া ব্যক্তিদের উদ্দেশে মেয়র নাছির বলেন, ‘ভ্যান ও সেলাই মেশিনের মাধ্যমে আপনাদের অবস্থা পরিবর্তনের সুযোগ রয়েছে। এ জন্য কষ্ট ও পরিশ্রম করতে হবে। তবে কোনো অবস্থাতেই ভ্যান ও সেলাই মেশিন বিক্রি করে দেবেন না।’
চট্টগ্রামের উন্নয়নে স্থানীয় নেতা ও মন্ত্রীদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে অনুষ্ঠানে মেয়র বলেন, ‘স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারের আমলে চট্টগ্রামের নেতৃবৃন্দ মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আগেও করেছেন, এখনো করছেন। কিন্তু সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, চট্টগ্রামের উন্নয়নে আমরা কতটুকু আন্তরিক, তা বিবেচনার বিষয়। আমরা যাঁরা বিভিন্ন সভা-সমাবেশে কথা বলি, আমরা যদি আন্তরিক হই, তাহলে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না কেন?’
চট্টগ্রামের মানুষের মধ্যে কোনো ধরনের আঞ্চলিকতা নেই উল্লেখ করে মেয়র বলেন, ‘চট্টগ্রাম বন্দরে হাজার হাজার লোক নিয়োগ হচ্ছে। আমাদেরই (চট্টগ্রামের বাসিন্দাদের) অগ্রাধিকার দেওয়া উচিত।’
সমিতির সভাপতি ও সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেজাউল হক চৌধুরী, মো. মহিউল ইসলাম, নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন খান প্রমুখ।