অসহায়দের বিনামূল্যে আইনি সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি মামলায় অভিযুক্ত ও কারাগারে আটক অসহায় ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আইনজীবী নিয়োগে অসমর্থ বিচারপ্রার্থীদের সরকারিভাবে আইনি সহায়তা দেওয়া হবে। এ জন্য ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০১১’-এর খসড়া গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ‘বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন, ২০১১’ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আইনগত সহায়তা প্রদান আইনটি ২০০০ সালে করা হয়। বিচার বিভাগ পৃথক্করণের ফলে আইনটি সংশোধনের প্রয়োজন হয়। সংশোধনীর মাধ্যমে আইনি সহায়তা সরকারি অর্থ ছাড় ও উত্তোলনের বিষয়টি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত সংশোধনীতে অসহায় বিচারপ্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা কমিটি বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করবে। সংশোধনীতে দরিদ্রদের আইনগত তথ্য ও পরামর্শ দেওয়া, আটক ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা, জামিনের শুনানিতে সহায়তা এবং আইনটির ব্যাপক প্রচার চালানোর কথা বলা হয়েছে। জেলা কমিটি এ প্রচার চালাবে। এ জন্য জেলা কমিটিতে সদর উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও প্রধান বিচারিক হাকিমকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এ কমিটি তাদের আইনি সহায়তার জন্য আইনজীবী নিয়োগ ও খরচ বহন করবে। কোনো কমিটি অসহায় বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দিতে গাফিলতি করলে, সে কমিটির বিরুদ্ধে জাতীয় আইনগত প্রদান সংস্থার কাছে অভিযোগের বিধান রাখা হয়েছে।পরে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে সমর্থন করলেন প্রধানমন্ত্রী: সূত্র জানায়, গতকাল মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ-ভারত ক্রিকেট খেলায় পরে ব্যাটিং করা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের নেওয়া সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, বাংলাদেশ আগে ব্যাটিং করলে হয়তো আরও খারাপ করত। পরে ব্যাটিং করে জিততে না পারলেও বাংলাদেশ দল অনেক রান করেছে।