অসহায়বোধ করছেন স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়। ছবিটি আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: প্রথম আলো
আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়। ছবিটি আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: প্রথম আলো

কেন্দ্র থেকে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বের করে দেওয়া, এজেন্টকে ঢুকতে না দেওয়া, ব্যালট পেপারে সিল মারা, নৌকা প্রতীক ছাড়া ভোট দিতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছে বরিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণে। সকালে ভোট নেওয়া শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে এসব অভিযোগ তুলে অসহায়ত্ব প্রকাশ করেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের হতাশা আরও বাড়ে। কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যাও কমে।

বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে চন্দ্রদ্বীপ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পাশে পুকুরে ভাসছে ব্যালট পেপার। ছবি: সাইয়ান
বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে চন্দ্রদ্বীপ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পাশে পুকুরে ভাসছে ব্যালট পেপার। ছবি: সাইয়ান

বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে বিএনপির প্রার্থী ওয়াহিদুল ইসলাম অভিযোগ করেন, চন্দ্রদ্বীপ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল থেকে ভোটারের উপস্থিতি বেশি থাকলেও ঘণ্টা দুয়েক পরে আওয়ামী লীগের লোকজন এসে চেয়ারম্যান পদের সব ব্যালট পেপার নিয়ে যায়। এর পর তারা নৌকার পক্ষে সিল মারতে থাকে। একপর্যায়ে সিল মারা ব্যালট পুকুরে পড়ে থাকতে দেখা যায়।

রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী নুরুল আমিন সকালে প্রথম আলোকে বলেন, পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের শিবপাশা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে আমাদের লোকজনকে আওয়ামী লীগ বের করে দিচ্ছে। প্রশাসন দেখেও না দেখার ভান করছে। দুপুর ১২টার দিকে ওই কেন্দ্রের পাশে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে জেলা ছাত্রলীগ নেতা রনি সেরনিয়াবাত আহত হন। এর পর ওই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

দুপুরে মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছিল ভোটারশূন্য। ছবি: সাইয়ান
দুপুরে মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছিল ভোটারশূন্য। ছবি: সাইয়ান

সকালে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মকবুল হোসেন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে গিয়ে দেখা গেছে, ভোটাররা আসছেন। এ সময় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি দেখা যায়। তবে দুপুরের দিকে গিয়ে দেখা যায়, ওই কেন্দ্র প্রায় ভোটারশূন্য।

সকাল আটটার দিকে ভোট নেওয়া শুরু হওয়ার এক ঘণ্টা পর সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের লোকজন বহিরাগত ব্যক্তিদের নিয়ে অবস্থান নিচ্ছে। আমাদের লোকজন থাকতে পারছে না। স্বতন্ত্র হিসেবে প্রচণ্ড অসহায় বোধ করছি।

কশিপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. হোসেন শিকদার বলেন, তিলককলাডেমা কেন্দ্রে তাঁর এজেন্টকে আওয়ামী লীগের লোকজন ঢুকতেই দেয়নি। মগরপাড়া, লাকুটিয়া, কলসগ্রাম কেন্দ্রগুলোতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে সিল না মারলে কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না।

কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের পর ভোট স্থগিত করা হয়। জড়ো করে রাখা হয়েছে ব্যালট বাক্স ও ব্যালট পেপার। ছবি: সাইয়ান
কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের পর ভোট স্থগিত করা হয়। জড়ো করে রাখা হয়েছে ব্যালট বাক্স ও ব্যালট পেপার। ছবি: সাইয়ান

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার নির্বাচনী কর্মকর্তা আব্দুল মান্নান সকালে প্রথম আলোকে বলেন, বিচ্ছিন্নভাবে দু-একটা ঘটনা ঘটছে। রায়পাশা-কড়াপুরের কয়েকটি কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে কিছু ঘটনা ঘটেছে। কেন্দ্রের ভেতরের পরিবেশ এখনো ঠিক আছে। একটি কেন্দ্রে এজেন্ট ঢুকতে পারেনি বলে আমরা জানতে পেরেছি। সমস্যা সমাধানের চেষ্টা করছি।

পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা। ছবি: সাইয়ান
পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা। ছবি: সাইয়ান

‘নকশালগিরির সময় আছে এখন?’
বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর হাইস্কুল কেন্দ্রে গিয়ে দেখা গেল, নারী ভোটারের লম্বা লাইন। এখানকার ভোটের পরিবেশও তুলনামূলক ভালো। কারণ খুঁজতে গিয়ে দেখা গেল, এখানকার ওয়ার্কার্স পার্টির প্রার্থী আনিসুর রহমান নৌকার কর্মীদের সঙ্গে লোকজন নিয়ে কেন্দ্রে দাঁড়িয়ে আছেন।

আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, এখানকার সাধারণ ভোটাররা তাঁকে ভোট দিচ্ছেন। কিন্তু তাঁর সিল দেখে অনেক ব্যালট পেপার ছিঁড়ে ফেলেছেন আওয়ামী লীগের সমর্থকেরা। পাল্টা অভিযোগ করে আওয়ামী লীগের সমর্থকেরা বলেন, প্রার্থী নিজেই এখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এই প্রতিবেদকের সামনেই আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে আনিসুরের কর্মীদের কথা-কাটাকাটি করতে দেখা গেল। আওয়ামী লীগের কর্মীরা আনিসুরকে বললেন, ‘নকশালগিরির সময় আছে এখন? আপনার মন্ত্রীকে জানান।’

মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোটারদের লাইন। ছবি: প্রথম আলো
মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোটারদের লাইন। ছবি: প্রথম আলো

এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ইসলাম মিয়া বলেন, নির্বাচনে উত্তেজনা থাকলেও পরিবেশ শান্তিপূর্ণ।

সব কেন্দ্র দখলের অভিযোগ বিএনপির প্রার্থীর
বাবুগঞ্জের আগরপুরে বিএনপির প্রার্থী কামরুল হাসান অভিযোগ করেন, সব কেন্দ্রই আওয়ামী লীগের লোকজন দখল করে নিচ্ছে। তিনি স্থানীয়ভাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: