
- রাজেকা রহমান নিজ বাড়ির পাশে গড়ে তুলেছেন পুনর্বাসন কেন্দ্র
- নাম দিয়েছেন দেবী চৌধুরানী বয়স্ক পুনর্বাসন কেন্দ্র।
চৌধুরানী বাজারের মোড়ে মাটিতে শুয়ে কান্নাকাটি করছিলেন সত্তর-পঁচাত্তর বছর বয়সের এক বৃদ্ধ। দেখে তাঁর দিকে এগিয়ে যান রাজেকা রহমান। বৃদ্ধ হাউমাউ করে বলতে থাকেন, ‘মা, মোর কায়ও নাই। দুই দিন থাকি না খায়া আছুন। তুই মোর মাও, তুই মোর বাপ। মোক বাঁচাও।’
বৃদ্ধ নাছিমুদ্দিনের জন্য মন কেঁদে ওঠে রাজেকার। তাঁকে নিয়ে আসেন বাড়িতে। কিছুদিন পর এমন আরও তিনজন বৃদ্ধের কষ্টের কথা জেনে নিয়ে আসেন নিজের বাড়িতে। সেই শুরু। একপর্যায়ে বয়স্কদের জন্য গড়ে তোলেন পুনর্বাসন কেন্দ্র। এই কেন্দ্রে এখন ৩৩ জন বয়স্ক মানুষ আছেন। ১৩ জনকে পরিবারের সদস্যরা ফিরিয়ে নিয়ে গেছেন। কেন্দ্রে শেষনিশ্বাস ত্যাগ করেছেন সাতজন।
রাজেকা রহমানের বয়স পঁয়ত্রিশের কোঠায়। রংপুরের পীরগাছা উপজেলায় নিজ বাড়ির পাশে গড়ে তুলেছেন এই পুনর্বাসন কেন্দ্র। নাম দিয়েছেন দেবী চৌধুরানী বয়স্ক পুনর্বাসন কেন্দ্র।
পীরগাছা উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দক্ষিণে কৈকুড়ী ইউনিয়নে রামচন্দ্রপাড়া চৌধুরানী গ্রাম। ওই গ্রামে রাজেকার বাড়ি। কাঁচা-পাকা পথ ধরে যেতে হয় তাঁর বাড়িতে। বাড়ির লাগোয়া পুনর্বাসন কেন্দ্র। সেখানে গিয়ে দেখা যায়, এক বৃদ্ধাকে খাওয়াচ্ছেন রাজেকা।
রংপুরের মিঠাপুকুর উপজেলার সংগ্রামপুর গ্রামে ১৯৮৩ সালে দরিদ্র পরিবারে জন্ম রাজেকার। ৯ ভাইবোনের মধ্যে তিনি মেজ। বাবা রফিকুল ইসলাম গ্রামের মক্তবে পড়িয়ে মাসে দুই হাজার টাকা পেতেন। প্রায়ই তাঁদের না খেয়ে স্কুল যেতে হতো। তবু আশপাশের কেউ অনাহারে থাকলে রাজেকা নিজের খাবার দিয়ে দিতেন তাকে। মা জরিনা বেগমের কাছে এ জন্য প্রায় বকুনি খেতেন। কিন্তু রাজেকার এ কাজ ভালো লাগত বড় ভাই সিরাজুল ইসলামের। তিনি চৌধুরানী বাজারে বাইসাইকেল মেরামতের কাজ করতেন। এই ভাইয়ের মুখেই দেবী চৌধুরানীর গল্প শোনেন রাজেকা। ১৭৭৩ সালে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, বগুড়া অঞ্চলের নদীবেষ্টিত এলাকায় ইংরেজদের দখলদারত্বের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন সশস্ত্র বিদ্রোহ। দিয়েছিলেন প্রজা বিদ্রোহের ডাক। এই দেবী চৌধুরানীর মানবসেবা আর সংগ্রামী জীবনের গল্পই রাজেকার অনুপ্রেরণা।
২০০১ সালে উচ্চমাধ্যমিক পাসের পর পীরগাছা উপজেলার রামচন্দ্রপাড়া চৌধুরানী গ্রামের নুরুল আমিনের ছেলে মিজানুর রহমানের সঙ্গে রাজেকার বিয়ে হয়। স্বামীর বাড়িতে এসেও অভাব। প্রায় অনাহারে-অর্ধাহারে থাকতে হতো রাজেকাকে।
রাজেকা বলেন, ‘জীবনের প্রতিটি মুহূর্ত কাটিয়েছি যন্ত্রণা সহ্য করে। তবে একমুহূর্তের জন্য থেমে যাইনি, ভয় পাইনি।’ চাকরি না পাওয়ায় ২০০৫ সালে চৌধুরানী বাজারে একটি বিউটি পারলার খোলেন। কাজ নেন একটি বিমা কোম্পানির কর্মী হিসেবেও। এতে কিছু টাকা জমে। তিন বছরের জমানো টাকা দিয়ে ২০০৮ সালে স্বামীকে ব্যবসার কাজে লাগিয়ে দেন। একসময় ব্যবসা বাড়ে, আয় বাড়ে। অভাবের সংসারে আসে সচ্ছলতা। রাজেকার মনে জাগে মানবসেবার স্বপ্ন।
রাজেকা বলেন, ‘মানবসেবার বীজটি তো মনে বপন করেছিলেন বড় ভাই সিরাজুল ইসলাম। ইচ্ছাটি মনে পুষিয়ে রেখেছিলাম। তারপর সাহস করে নেমে পড়লাম।’
টিনশেডের আধা পাকা তিনটি ঘর নিয়ে রাজেকার শ্রম-ঘাম-মমতায় গড়া পুনর্বাসন কেন্দ্র। চারপাশ ইটের প্রাচীরে ঘেরা। এখানে সবকিছু নিয়মে চলে। ভোর বেলায় উঠে ফজরের নামাজ পড়তে হয়। এখানকার বয়স্কদের একজনই আজান দেন, নামাজ পড়ান। নামাজ শেষে কোরআন, তসবিহ ও দোয়া পড়েন সবাই। এরপর আশ্রমের বাইরে ৩০ মিনিট হাঁটাহাটি করেন সবাই। এরপর সকালের খাবার। রাজেকা নিজ হাতে সবার পাতে খাবার দেন। দুপুরের আগ পর্যন্ত অবসর সময়ে এঁরা হস্তশিল্পের কাজ করেন। কেউ বাজার করতে যান। জোহরের নামাজের পর দুপুরের খাবার দেওয়া হয়। এরপর দুই ঘণ্টা বিশ্রাম। আসরের নামাজ শেষে কিছুক্ষণ হাঁটাচলার পর আবারও বিশ্রাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন সবাই।
কেন্দ্রের সদস্যদের সবার গল্প প্রায় একই রকম। অভাব, স্বজন না থাকা আর একাকিত্ব-অসহায়ত্ব। কেন্দ্রে কথা হয় উপজেলার কুতুববাস গ্রামের বৃদ্ধা জাহানারা বেগমের সঙ্গে। তিনি জানান, স্বামী সবুর উদ্দিন ১০ বছর আগে মারা গেছে। সন্তান নেই। জমিজমাও নেই। ভিক্ষা করে চলতেন। এখন বয়সের ভারে তা-ও সম্ভব না। দুই বছর আগে তাঁকে এই কেন্দ্রে নিয়ে আসেন রাজেকা। জাহানারা বলেন, ‘রাজেকা মোর মাও-বাপ। প্রায় দিনে মোক মায়ের মতোন আদর করি গোসল করায়, তেল মাখায়, নিজ হাতে ভাত খাওয়ায়।’
চৌকির ওপর গল্প করছিলেন তিন বৃদ্ধ। তাঁদের একজন মজিবার রহমান। বাড়ি সুল্লিপাড়া গ্রামে। স্ত্রী মারা গেছেন ১৩ বছর আগে। ছেলে নেই, দুই মেয়ে স্বামীর সংসারে কষ্টে আছে। বছর দুয়েক আগে আশ্রয় নিয়েছিলেন এই পুনর্বাসন কেন্দ্রে। এখন অন্ন, বস্ত্র ও চিকিৎসা নিয়ে তাঁকে চিন্তা করতে হয় না।
খালেদা বেওয়ার গল্পও প্রায় একই রকম। তিনি বলেন, এখানে প্রতিদিন সকালে ভর্তা-ভাত, দুপুরে সপ্তাহে দুই দিন মাছ, মাংস খেতে পারেন। নিয়মিত ডাক্তার এসে স্বাস্থ্য পরীক্ষা করে।
বালাপাড়া গ্রামের মিসিরন খাতুনসহ (৬০) কেন্দ্রের অন্যরাও তাঁদের জীবনের কষ্টের কথা জানালেন। বললেন, এখানে তাঁরা ভালো আছেন।
কেন্দ্রের বিভিন্ন কাজে সহযোগিতা করেন জামিরজান গ্রামের জ্যোৎস্না সরকার (৪০)। তাঁর স্বামী রফিকুল ইসলাম পুলিশের চাকরি করতেন। ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। জ্যোৎস্না বললেন, আশ্রমটি একটি অনন্য পরিবার। এখানকার সব নারী-পুরুষের মধ্যে সম্পর্কটা ঈর্ষণীয়।
কেন্দ্রের খরচ চলে কীভাবে জানতে চাইলে রাজেকা জানান, বিমা কর্মী হিসেবে তাঁর সামান্য আয়, তাঁর বিউটি পারলারের আয় আর স্বামীর রড, সিমেন্ট, রং, টাইলস ব্যবসার আয় থেকেই কোনোমতে চলে এই কেন্দ্র। প্রতি মাসে প্রায় ৪৫ হাজার টাকা ব্যয় হয় এখন। জীবদ্দশায় সব ধরনের ব্যয় নিজ থেকে করার ইচ্ছা থাকলেও বর্তমানে রাজেকা এ নিয়ে সংশয়ে আছেন। কারণ প্রয়োজন বাড়ছে, বাড়ছে ব্যয়।
রাজেকা কোটিপতি নন, কিন্তু তাঁর হাসিটা যেন কোটি টাকা দামের। এই হাসি আসলে তৃপ্তির আলোকচ্ছটা। স্বপ্নের পুনর্বাসন কেন্দ্র তাঁকে এই তৃপ্তি দিয়েছে।
পুনর্বাসন কেন্দ্রের সবাই রাজেকাকে মা বলে ডাকেন। তিনি বলেন, ‘এরাই আমার প্রাণ। নিজের সন্তান আল-মুবিন ইসলাম থেকে কখনোই এঁদের আলাদা করে দেখিনি। যখন এঁরা আমাকে মা বলে ডাকে, আনন্দে আমার বুক ভরে যায়।’
স্ত্রীর এই পরোপকারের নেশায় স্বামী মিজানুর রহমানেরও সায় আছে। তিনি বলেন, ‘প্রথমে বিরক্ত লাগত। এখন ভালো লাগে। লোকজন আমার স্ত্রীর কাজে প্রশংসা করছে, গর্বে বুকটা ভরে যায়।’
কৈকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের সরল উক্তি, ‘রাজেকা তো জনসেবক। তাঁর মতো মানুষ সমাজে খুব দরকার।’ আর পীরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক বললেন, মানবসেবাই মানুষের প্রকৃত ধর্ম। রাজেকা স্বেচ্ছায় নিঃস্বার্থভাবে তা করছেন।
রাজেকার যিনি অনুপ্রেরণা, সেই ভাই সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ছোটবেলা থেকে মানুষের বিপদ-আপদে পাশে গিয়ে দাঁড়াত রাজেকা। সে ত্যাগের পথে নেমেছে। সে সফল হবেই।’