অসহায়ের 'অকৃত্রিম বন্ধু' ইন্টারপ্লাস্ট ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখমণ্ডলের বিকৃতি, ঠোট কাঁটা, তালু কাটা রোগীদের চিকিৎ​সা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সা​র্জারি বিভাগে এসেছেন বিদেশি একদল চিকিৎ​সক l প্রথম আলো
মুখমণ্ডলের বিকৃতি, ঠোট কাঁটা, তালু কাটা রোগীদের চিকিৎ​সা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সা​র্জারি বিভাগে এসেছেন বিদেশি একদল চিকিৎ​সক l প্রথম আলো

রাজশাহীর গোদাগাড়ির বাসিন্দা মুর্শিদা বেগম। ডান গালের চামড়ায় ক্যানসার ধরা পড়ার এক বছরের মাথায় চোয়াল ও মাড়িতে তা ছড়িয়ে পড়ে। ফুলে যায় গাল, দেখা দেয় সংক্রমণ আর প্রচণ্ড দুর্গন্ধ। একপর্যায়ে মুখটা বন্ধই হয়ে গেল। সবকিছু চুষে খেতে শুরু করলেন মুর্শিদা।
তবে গত মঙ্গলবার সাড়ে ১১ ঘণ্টার অস্ত্রোপচার শেষে মুর্শিদা বেগম সুস্থ বোধ করছেন। ইন্টারপ্লাস্ট ইতালি নামের চিকিৎসকদের একটি দল এই জটিল অস্ত্রোপচার করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানিয়েছেন, ইন্টারপ্লাস্ট ইতালি নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি ১৯৮৮ সাল থেকে প্রায় প্রতিবছর বাংলাদেশে আসছে। তারা মুখমণ্ডলের মারাত্মক বিকৃতি, ক্যানসারের কারণে বা আগুনে পুড়ে যাওয়ার কারণে বিকৃতি সারাতে বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি করছে। যেসব শিশুর ঠোঁট কাটা, তালু কাটা তাদেরও চিকিৎসা দিচ্ছেন এ দলের চিকিৎসকেরা। সামন্ত লাল সেন ইতালির এই দলটিকে বাংলাদেশের ‘অকৃত্রিম বন্ধু’ বলে মনে করেন। এই দফায় দলটি ৯৪ জন রোগীর চিকিৎসা দিচ্ছে।
ইন্টারপ্লাস্টের বিশেষজ্ঞ চিকিৎসকদের দলে ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকেরা আছেন। চিকিৎসা সেবার বিনিময়ে তাঁরা কোনো সম্মানী নেন না। দলটির প্রধান পাওলো মরসেলি বলেন, বিশ্বের সব কটি মহাদেশেই তাঁরা ঘুরে ঘুরে কাজ করেন। তবে বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশে তিনি বারবার আসেন। বাংলাদেশের মানুষ আর সংস্কৃতি তাঁকে খুব টানে।
গতকাল মুর্শিদা বেগমের ঠিক কী ধরনের অস্ত্রোপচার হয়েছে তার ব্যাখ্যা দেন বার্ন ইউনিটের চিকিৎসক মোস্তফা আমিন খান। এ ধরনের অস্ত্রোপচারকে বলা হয় ‘মাইক্রো সার্জারি’, এটি খুবই সূক্ষ্ম অস্ত্রোপচার এবং দক্ষ হাতের কাজ। তিনি বলেন, মুর্শিদার ক্যানসার ছড়িয়ে পড়ার পর প্রথমে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়। পরে অস্ত্রোপচার করে গাল, চোয়াল ও জিভের অনেকটা অংশ কেটে ফেলা হয়। মুখ বন্ধ থাকায় শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য অস্ত্রোপচারের সময় নল মুখের ভেতর ঢোকানো যায়নি। গলায় একটি ছোট্ট যন্ত্র বসিয়ে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়। পরে পা থেকে রক্তনালিসহ মাংস কেটে জোড়া দেওয়া হয় গালে।
এ দলটি আরও কয়েক দিন ঢাকায় আছে। আবারও আসবে বলে জানিয়েছে। পাওলো মরসেলি আলাপচারিতার শেষ পর্যায়ে এসে বলেন, ছোটবেলায় তাঁর নেশা ছিল সিনেমা দেখা। একটা সিনেমায় দেখেছিলেন এক চিকিৎসক মায়ের হত্যাকারীর চিকিৎসা দিচ্ছে। বিষয়টি তাঁর মনে দাগ কাটে। মনে হয়েছিল চিকিৎসাই হলো সর্বোত্তম পেশা, যেখানে মানবিকতা সবার ওপরে জায়গা পায়। তাই তিনি চিকিৎসক হয়েছেন। বাংলাদেশে আবারও আসবেন, বারবার আসবেন। সেবা দেবেন সবার।