অসহিষ্ণুতা ও ঘৃণা দূর হলে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে
অসহিষ্ণুতা ও ঘৃণা সমাজ থেকে দূর হলে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে-এমন প্রত্যাশা নিয়ে প্রতিবছরের মতো এবারও জাতিসংঘ সাধারণ পরিষদে ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বাংলাদেশ এ প্রস্তাবের উপস্থাপক। গতকাল শুক্রবার সাধারণ পরিষদের এক সভায় উপস্থিত সব সদস্য রাষ্ট্রের সমর্থনে এই প্রস্তাব গৃহীত হয়।
বাংলাদেশের পক্ষে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রস্তাব উপস্থাপন করেন। এ সময় মাসুদ বিন মোমেন বলেন, মানুষের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ধর্ম, বর্ণ, জাতি ও গোষ্ঠী নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে হবে। শিক্ষার প্রসার এবং একদর্শী চিন্তাধারার পরিবর্তন করে মানুষের সামগ্রিক উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে শান্তির সংস্কৃতি বিকাশে বদ্ধ পরিকর। জাতীয়ভাবে এ লক্ষ্য অর্জনে সরকার সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
উল্লেখ্য, ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাবটি ১৯৯৭ সালে জাতিসংঘে প্রথম উপস্থাপিত হয়। এর জের ধরে ‘শান্তির সংস্কৃতি দশক’ বিশ্বব্যাপী উদ্যাপিত হয়। ২০০১ থেকে প্রতি বছর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ প্রস্তাবটি উপস্থাপন করে আসছে এবং তা প্রতিবছরই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে আসছে। এবারের প্রস্তাবে যুব শক্তি ও নারীর জন্য কর্ম প্রক্রিয়ার ভূমিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়নের মধ্য দিয়ে বিশ্বে মমত্ববোধ বাড়বে। মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ এবং যুদ্ধবিগ্রহ হ্রাস পাবে। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা দৃঢ় হবে। যা সব দেশ ও বিশ্বের জন্য মঙ্গল বয়ে আনবে।
সাধারণ পরিষদের সভাপতি তাঁর উদ্বোধনী বক্তব্যে ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাবনায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাম্প্রতিক জঙ্গি আক্রমণ ও অসহিষ্ণুতা মোকাবিলায় ‘শান্তির সংস্কৃতি’ চর্চার গুরুত্ব আরও বেড়েছে। বিশ্ব ব্যবস্থায় নানামুখী টানাপোড়েন সত্ত্বেও এ বছরের প্রস্তাবে বিপুল সমর্থন এটাই প্রমাণ করে যে, বাংলাদেশের প্রস্তাবনার প্রতি বিশ্ববাসীর গভীর আস্থা অটুট আছে এবং বিশ্ব উন্নয়নে সবাইকে সম্পৃক্ত করার জন্য ‘শান্তির সংস্কৃতি’র বিকল্প নেই।
এ বছর ইউরোপের অনেক দেশসহ সবকটি মহাদেশের শতাধিক সদস্যদেশ বাংলাদেশের সঙ্গে এই প্রস্তাবের কো-স্পনসর করেছে। ২০টি দেশের প্রতিনিধি এই প্রস্তাবের ওপর বক্তব্য দিয়েছেন। সবাই প্রস্তাব বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।