অসহ্য জ্বলুনি নিয়ে তিনি জেগে ওঠেন
প্রতিদিনের মতো ঘরে একা ঘুমিয়ে ছিলেন তিনি। ভোররাতের দিকে শরীরে অসহ্য জ্বলুনি নিয়ে ঘুম ভাঙে। তাঁর চিত্কারে টহল পুলিশ ছুটে গিয়ে উদ্ধার করে তাঁকে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল মঙ্গলবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাদেদেউলি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার শারমিন আক্তার (২৪) এখন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হায়াত জানান, টহল পুলিশ শারমিনকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর শরীরে কোনো দাহ্য পদার্থ বা এসিড ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শারমিন জানান, বাদেদেউলি গ্রামের পার্শ্ববর্তী যুধিষ্ঠপুর গ্রামে তাঁর বাবার বাড়ি। প্রায় এক বছর আগে স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়। এরপর তিনি বাবার বাড়ি না গিয়ে নিজের পায়ে দাঁড়াতে বাদেদেউলি গ্রামে আসেন। এখানে একটি বসতঘরে দোকান খুলে পোশাক তৈরির ব্যবসা করছিলেন। কিন্তু প্রতিবেশীরা অনেকেই তা ভালো চোখে দেখেনি। গতকাল ভোররাতে শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে ঘুম থেকে জেগে উঠে তিনি দেখেন, ঘরের বেড়া কাটা। ওই বেড়া দিয়ে পরিচিত আবুল হোসেনসহ কয়েকজনকে তিনি পালিয়ে যেতে দেখেন।