অসাংবিধানিক কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

অসাংবিধানিক কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির উদ্দেশে বলেন, ‘আপনারা যদি মনে করেন সাংবিধানিক কাঠামোর মধ্যে সমস্যার সমাধান না করে সাংবিধানিক সংকট তৈরি করে অসাংবিধানিক কাউকে ক্ষমতায় আনবেন, আমরা কোনোদিন তা হতে দেব না।’
অস্ট্রেলিয়ার নির্বাচনকালীন সরকারব্যবস্থার উদাহরণ দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সেখানে একটি সংসদ বহাল রেখেই আরেকটি সংসদ নির্বাচন হচ্ছে। আমাদের এখানেও তা-ই হবে। নির্বাচিত সরকার থাকলে শুধু কি সরকারি দল সুযোগ পাবে? বিরোধী দল পাবে না? শুধু কি প্রধানমন্ত্রী ফ্লাগ উড়িয়ে এসএসএফ নিয়ে চলাফেরা করবেন? বিরোধীদলীয় নেত্রীও তো ফ্লাগ লাগিয়েই চলবেন। তিনি কি গাড়ি থেকে ফ্লাগ খুলে রেখে চলবেন?’
সংগঠনের সহসভাপতি নাজিমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি হুমায়ুন কবির।