অসাংবিধানিক কোনো সরকারের অধীনে নির্বাচন নয়: ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনির্বাচিত কিংবা অসাংবিধানিক কোনো সরকারের অধীনে আগামী জাতীয় সংসদের নির্বাচন মেনে নেবে না ১৪-দলীয় জোট। জোটের নেতারা বলেছেন, বর্তমান সরকারই নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। তবে বিরোধী দল রাজি থাকলে নির্বাচনকালীন সরকারপদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে।গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে জোটের সভায় ১৪ দলের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।সভায় বিএনপি-জামায়াতসহ ১৮ দল ও অন্যান্য সাম্প্রদায়িক গোষ্ঠীর চক্রান্ত মোকাবিলা এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার এগিয়ে নেওয়ার লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হয়। তা হলো আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সমমনা বিভিন্ন সংগঠনের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভা এবং ২০ ও ২১ মে মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর ও লালবাগে সমাবেশ।সভা-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সভায় বলা হয়েছে, সরকারের এখন আর সুযোগ নেই এ ধরনের একটি বেআইনি সরকারব্যবস্থার অধীনে নির্বাচন অনুষ্ঠানের কথা বলার। এ ব্যাপারে বিরোধী দলের মত আলাদা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন বিষয়টি নিয়ে আলোচনায় বসার।নেতারা বলেন, বিরোধী দল আলোচনায় এলে নির্বাচনকালীন সরকারপদ্ধতি নিয়ে আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হতে পারে। আর বিরোধী দল আলোচনায় না এলে বর্তমান সরকারই নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তখন সংসদ কার্যকর থাকবে না। মন্ত্রিসভা ভেঙে দেওয়া হবে। শুধু প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী দাপ্তরিক দায়িত্ব পালন করবেন। তাঁদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলীয় সরকার হিসেবে বিবেচিত হতে পারে না। নির্বাচনের সময় মূল ক্ষমতা থাকে নির্বাচন কমিশনের হাতে। সভায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খানসহ ১৪-দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সভা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।