অসাংবিধানিক সরকার আনা হলে ১০ বছরেও নির্বাচন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের জন্য বিরোধী দলের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধানবিরোধী সরকার ক্ষমতায় বসানোর চেষ্টা করা হলে দুই বছর কেন, আগামী ১০ বছরেও দেশে নির্বাচন হবে না। কাজেই সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে এবং তা অবাধ ও নিরপেক্ষ হবে।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের শাপলা চত্বরের সমাবেশ নিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বলেন, ‘এ ঘটনা অনেক টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করেছে। বিরোধী দল প্রথম প্রচার করেছে আড়াই হাজার লোক মারা গেছে। পরে সংসদে বিরোধীদলীয় নেত্রী বললেন, ৬১ জন। কিন্তু আমরা তালিকা চাইলে তারা দিতে পারেনি।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ধর্ম নিয়ে মিথ্যাচার, অপপ্রচারের কী উদ্দেশ্য? কেন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে?’

শেখ হাসিনা বলেন, কাবা শরিফের গিলাফ পরিবর্তনের ছবি নিয়ে মিথ্যাচার করা হয়েছে। প্রচার করা হয়েছে যে সাঈদীর জন্য মক্কা শরিফে মানববন্ধন করা হয়েছে। এ রকম অপপ্রচার হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানিয়ে শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এখন গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। আমাদের সমালোচনা করেন, তবে এমন সমালোচনা করবেন না, যাতে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যায়।’ তিনি বলেন, ‘সাংবাদিক নির্যাতনের জন্য আমরা সাংসদকেও ছাড় দিইনি। জানি অসির চেয়ে মসির জোর বেশি। তাই আপনাদের দ্বারা যখন ক্ষত-বিক্ষত হই, তখন আমরা কার কাছে যাব? কোথায় বিচার পাব? জানি না। এ নালিশটুকু রেখে গেলাম।’

সাংবাদিকদের ওয়েজবোর্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটা প্রক্রিয়াধীন আছে। ইচ্ছা ছিল ঈদের আগেই দেওয়ার। তবে যত তাড়াতাড়ি সম্ভব এটা দেওয়া হবে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গণমাধ্যমের উদ্দেশে বলেন, মৌলবাদ ও গণতন্ত্রের ক্ষেত্রে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। মিথ্যাচার, গুজব, চরিত্র হনন, খণ্ডিত তথ্য তুলে ধরা গণমাধ্যমের কাজ নয়।

প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে এসেই প্রতিটি টেবিলে যান এবং সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক ইউনিয়নের নেতারা ছাড়াও প্রবীণ সাংবাদিক এবিএম মূসাও মঞ্চে বসেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, রেলমন্ত্রী মুজিবুল হক, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুব উল আলম হানিফ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, প্রেসক্লাবের সভাপতিসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক শাবান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ইকবাল সোবহান চৌধুরী, আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক প্রমুখ।

ইফতারের পর প্রধানমন্ত্রী প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা ওয়েজবোর্ড গঠন ও প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করা হবে বলে জানান।