অসাংবিধানিক সরকার ক্ষমতায় এলে দায় সরকারের: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে অসাংবিধানিক কোনো শক্তি ক্ষমতায় এলে এর দায় বর্তমান সরকারের ওপরই বর্তাবে।
গতকাল সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম এ মান্নানকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।
গত রোববার গাজীপুরের নতুন মেয়রের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক দলগুলোর বিভেদের সুযোগে অসাংবিধানিক কোনো শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির এই মুখপাত্র এমন প্রতিক্রিয়া জানান। মির্জা ফখরুল বলেন, সরকার যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে অনড় থাকে, বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। কেননা, পাঁচ সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয়ী করে জনগণ তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়েছে।